ব্যবধান গড়েছে অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ের চূড়ান্ত উৎকর্ষের এই যুগেও তিনিই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা। অনেকের চোখেই তিনি সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। তিনি ভিভ রিচার্ডস। চারটি বিশ্বকাপ খেলেছেন, তিনবার ফাইনাল। এর মধ্যে দুবার শিরোপা জিতেছে তাঁর দল। বিশ্বকাপে তাঁর তিন সেঞ্চুরির একটি এসেছে ফাইনালে, ১৯৭৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে ২১টি ইনিংসে চার ৮৫টি, ছক্কা ২০টি। সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে বিশ্লেষণ করেছেন সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দলগত ও ব্যক্তিগত পারফরম্যান্স—
আমার মনে হয় আমার মতো আরও অনেকেই ধারণা করেছিলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে। সেটাই হয়েছে। যেভাবে অস্ট্রেলিয়া দাপটের সঙ্গে একতরফা ফাইনাল জিতে নিল, তাতেই বোঝা গেছে ওরা কেন শিরোপার বড় দাবিদার ছিল। ওরা যে আগেও অনেক ফাইনালে খেলেছে, বড় ম্যাচের চাপ যে সামলাতে জানে সেটা বোঝা গেছে মেলবোর্নে ভরা গ্যালারির সামনে তাদের পারফরম্যান্স দেখেই। নিউজিল্যান্ডের ফাইনাল খেলার অভিজ্ঞতা না থাকাটা এ ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। বোঝাই গেছে, ওরা প্রথমবার ফাইনাল খেলতে এসেছে।
আমি ব্রেন্ডন ম্যাককালামের বড় ভক্ত। ওকে ব্যাট করতে দেখা দারুণ আনন্দের, কিন্তু সেটা সে যখন ছন্দে থাকে। তবে কখনো কখনো আপনাকে বুঝতে হবে ম্যাচের পরিস্থিতি কী, সেটা বুঝে আপনাকে ‘এ’ এবং ‘বি’ দুই রকম পরিকল্পনা করে রাখতে হবে। সত্যি কথা বলতে, ফাইনালে ম্যাককালামের ব্যাটিং দেখে আমার মনে হয়নি সে ও রকম কোনো পরিকল্পনা করে এসেছে। আগের ম্যাচগুলোতে সে যেভাবে ব্যাট করেছে, এ ম্যাচেও সেভাবেই ব্যাট করার চেষ্টা করেছে। কে বোলিং করছে সেটা না ভেবে, বোলারকে বিন্দুমাত্র শ্রদ্ধা না দিয়ে ব্যাট করার চেষ্টা করেছে। তিনটা বল পরপর ব্যাটে লাগাতে না পেরেও পরিকল্পনা বদলায়নি। এই জায়গায় আমি মিচেল স্টার্ক আর অন্য অস্ট্রেলিয়ান বোলারদের কৃতিত্ব দেব। ওরা দুর্দান্ত বল করেছে। বোঝা গেছে ওদের একটা পরিকল্পনা ছিল। সবাই এটাকে একতরফা ম্যাচ বলছে, কিন্তু যেভাবে অস্ট্রেলিয়া ম্যাচটাকে একতরফা বানিয়েছে, সে জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।
সব মিলিয়ে বিশ্বকাপ দেখে আমি আনন্দ পেয়েছি। মার্টিন গাপটিল আর ক্রিস গেইলের কথা আলাদা করে বলতে হবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করার জন্য। তবে শেষ পর্যন্ত সব নিয়মকানুন ব্যাটসম্যানদের জন্যই করা হবে কি না, এ নিয়ে ক্রিকেট প্রশাসকদের আরও ভালো করে ভাবতে হবে। কারণ, মিচেল স্টার্ক আর ট্রেন্ট বোল্ট ছাড়া অন্য কোনো বোলারকে দেখলাম না এসব নিয়মের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে।
অধিনায়কদের মধ্যে আমি মাইকেল ক্লার্কের কথা আলাদা করে বলব। সে এই বিশ্বকাপের সেরা অধিনায়ক না হলেও অন্যতম সেরা তো বটেই। চোটের শঙ্কা ছিল, দলে জায়গা নিয়েও প্রশ্ন ছিল। এসব ছাপিয়ে সে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা প্রশংসনীয়। আর দল হিসেবে আলাদা করে বলব দক্ষিণ আফ্রিকার কথা। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমার এবি ডি ভিলিয়ার্সের জন্য দুঃখ হচ্ছে। অসাধারণ একজন খেলোয়াড়। ম্যাচটা হারের পর মরনে মরকেল, ডেল স্টেইনরা কেঁদেছে। তাতেই বোঝা গেছে দেশের জন্য ওরা কতটা আন্তরিক।
সবশেষে বলব, সেরা দুটি দলই ফাইনাল খেলেছে এবং সবচেয়ে সেরা দলটাই জিতেছে ট্রফি। যদি নেতিবাচক কিছু বলতে হয়, সেটা হচ্ছে বিশ্বকাপের দৈর্ঘ্য। আমি বুঝতে পারি না কেন ওয়ানডে বিশ্বকাপ এত লম্বা করতে হবে! সূচিটা মোটেও ভালো হয়নি। কোনো দল অনেক বিশ্রাম পেয়েছে, কোনো দল পায়নি। এটা দলগুলোর ছন্দ নষ্ট করে দেয়। ভবিষ্যতে আয়োজকদের বিষয়টা নিয়ে ভাবতে হবে। আইসিসি।