ব্যবধান বাড়াল বাংলাদেশ
সিরিজ জিতলেই টপকানো যাবে জিম্বাবুয়েকে। ওঠা যাবে টেস্ট র্যাঙ্কিংয়ের নয়ে। এই সমীকরণ নিয়েই সিরিজ শুরু করা বাংলাদেশ সেটি মিলিয়ে ফেলে খুলনায় দ্বিতীয় টেস্টেই। এরপর চট্টগ্রাম টেস্টেও জয়, জিম্বাবুয়েকে ধবলধোলাই করে পয়েন্টের ব্যবধানটাও বাড়িয়ে নিয়েছে মুশফিকরা। বাংলাদেশ এখন জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে ১৪ রেটিং পয়েন্টে। অথচ ২০ রেটিং পয়েন্টে এগিয়ে থেকে সিরিজটা শুরু করেছিল জিম্বাবুয়েই।
অনেক প্রাপ্তির সিরিজে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। তৃতীয় টেস্ট রেটিং পয়েন্ট একটু কমিয়ে দিলেও বড় ব্যবধানেই অবস্থানটা ধরে রেখেছেন সাকিব। সাকিবের পয়েন্ট ৩৯৮, দুইয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিন পিছিয়ে ৪১ পয়েন্ট।
খুলনা টেস্টের পর ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে ছিলেন সাকিব। তবে চট্টগ্রাম টেস্টের পর ১৩ ধাপ এগিয়ে মুমিনুল হক কেড়ে নিয়েছেন সাকিবের ব্যাটিংয়ের স্থানটা। দ্বিতীয় ইনিংসে ঝলমলে এক সেঞ্চুরি করে প্রথমবারের মতো শীর্ষ বিশে উঠে এসেছেন এই বাঁহাতি। ক্যারিয়ার-সেরা ৬৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে মুমিনুল। তিন ধাপ পিছিয়ে ৩৩-এ সাকিব। সিরিজে দুই সেঞ্চুরি করা তামিম ৩৪ নম্বরে।
বোলিংয়ে ১৪ থেকে ১৬ নম্বরে নেমেছেন সাকিব। ৯ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেলেও বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুলই আছেন সাকিবের পরে। এরপর সোহাগ গাজী (৪৪) ও জুবায়ের হোসেন (৫৮)। চট্টগ্রামে ৭ উইকেট নিয়ে ১১৪ নম্বর থেকে ৫৮ নম্বরে উঠে এসেছেন এই জুবায়ের।
আইসিসি র্যাঙ্কিং
রেটিং
১ দ. আফ্রিকা ১২৪
২ অস্ট্রেলিয়া ১১৭
৩ পাকিস্তান ১০৫
৪ ইংল্যান্ড ১০৪
৫ শ্রীলঙ্কা ১০১
৬ ভারত ৯৬
৭ নিউজিল্যান্ড ৯৩
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭৫
৯ বাংলাদেশ ৩২
১০ জিম্বাবুয়ে ১৮