ব্যবসাপাতিতে শুধু আইপিএল নয়, ভারতেই সবার চেয়ে এগিয়ে ধোনির চেন্নাই
আইপিএলে মাঠের সাফল্যে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দ্বিতীয়। এখন পর্যন্ত ১৪টি আইপিএল শেষে তাদের ৪ শিরোপার চেয়ে বেশি জিতেছে শুধু মুম্বাই ইন্ডিয়ানস (৫টি)। তবে গতবারের আইপিএল জেতা চেন্নাই যে ব্যবসায়িক দিক থেকে অন্য সবাইকে ছাড়িয়ে গেছে, এ নিয়ে আর সংশয় থাকছে না।
১৫তম আইপিএলের দামামা বাজতে শুরু করেছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি এবারের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে ব্যবসায়িক দিক থেকে একটা বড় অর্জনের খবর পেল চেন্নাই সুপার কিংস। ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রথম ‘ইউনিকর্ন কোম্পানি’ হয়েছে তারা।
কোনো নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্য যখন ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়, ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে সেটিকেই ইউনিকর্ন নাম দেওয়া হয়। চেন্নাই সুপার কিংসের বাজারে থাকা মূলধনের পরিমাণ এই মুহূর্তে ৭ হাজার ৬০০ কোটি রুপি। ডলারের হিসাবে ১০১ কোটি ডলারের বেশি। ‘গ্রে মার্কেটে’ এই মুহূর্তে চেন্নাইয়ের শেয়ার বিক্রি হচ্ছে ২১০-২২৫ টাকা দরে।
শুধু এটিই নয়, ব্যবসায়িক দিক থেকে আরেকটি বড় রেকর্ডও ভেঙেছে চেন্নাই। এই ফ্র্যাঞ্চাইজি মূলত ভারতীয় কোম্পানি ইন্ডিয়া সিমেন্টসের একটি সহপ্রতিষ্ঠান। কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ের বাজার মূলধন যে অঙ্কে পৌঁছেছে, সেটি তাদের মূল কোম্পানি ইন্ডিয়া সিমেন্টের বাজার মূলধনের চেয়েও বেশি! গতকাল শুক্রবার ইন্ডিয়া সিমেন্টের বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ হাজার ৮৬৯ কোটি রুপি (৯১.৫৩ কোটি ডলার)।
চেন্নাইয়ের শেয়ারের দাম বাড়ার পেছনে আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিরই ‘ভূমিকা’ আছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতের আরপিএসজি গ্রুপ এবারের আইপিএলে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে ৭ হাজার কোটি রুপির বেশি দামে, সিভিসি ক্যাপিটাল ৫ হাজার ৬২৫ কোটি রুপিতে কিনেছে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। এরপর থেকে চেন্নাইয়ের শেয়ারের দামও আকাশচুম্বী।
গতবারের আইপিএলের ফাইনালের সপ্তাহেও (২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি) চেন্নাইয়ের শেয়ার বিক্রি হয়েছিল ১১০ থেকে ১২০ রুপি দরে, এখন সেটি বিক্রি হচ্ছে ২১০-২২৫ রুপিতে। আরেকটু পিছিয়ে গেলে আরও বড় লাফ চোখে পড়বে। ২০১৮ সালের নভেম্বরে চেন্নাইয়ের শেয়ারের দাম ছিল ১২ থেকে ১৫ রুপি করে, সে হিসাবে গত ৩ বছরে দাম বেড়েছে প্রায় ২০০০ শতাংশ!
ইন্ডিয়া সিমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীনিবাসন সম্প্রতি ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডেতে বলেছেন, ‘সিএসকে-এর ব্র্যান্ড একসময় ইন্ডিয়া সিমেন্টসের ব্র্যান্ডকে ছাড়িয়ে যাবে। আপনি যদি যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর ইতিহাস দেখেন, তাহলে বুঝবেন এটা অন্য সবকিছুকেই ছাড়িয়ে যাবে। ভারতে ক্রিকেট নিয়ে আবেগ অনেক বেশি।’
প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসই ভারতের ক্রীড়াক্ষেত্রের একমাত্র দল, যাদের শেয়ার জনসাধারণের বিনিয়োগের জন্য উন্মুক্ত। মাঠে চেন্নাইয়ের পারফরম্যান্সের কারণে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে।
তা এ তো গেল মাঠের বাইরের সাফল্যের হিসাব, মাঠে সাফল্য পেতে এবার কী করছে চেন্নাই? ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, শিরোপা ধরে রাখার মিশনে এরই মধ্যে চেন্নাইয়ের দলে যোগ দিয়েছেন অধিনায়ক ধোনি।
চেন্নাইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে ভারতের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইনসাইড স্পোর্ট লিখেছে, ‘হ্যাঁ, ও (ধোনি) চেন্নাইয়ে এসে পৌঁছেছে। নিলাম নিয়ে দলের আলোচনায় থাকবে। নিলামেও ওর থাকার সম্ভাবনা আছে।’
আইপিএল ২০২২-এ যাঁদের ধরে রেখেছে চেন্নাই
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি)
মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি)
মঈন আলী (৮ কোটি রুপি)
রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)