বোলারদের দেখানো পথে হাঁটতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। পারলেন না স্যার গ্যারি সোবার্সের উপস্থিতিকে অনুপ্রেরণা বানাতে। গলের পর কলম্বোতেও ব্যাটিং বিপর্যয়, ক্যারিবীয় ব্যাটসম্যানরা যে তিমিরে ছিলেন, রয়ে গেলেন সেই তিমিরেই। মাত্র ২০০ রান করেও শ্রীলঙ্কানরা প্রথম ইনিংসে লিড পেল ৩৭ রানের। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে আরও ৭৬ রান যোগ করায় যে লিডটা হয়ে গেছে ১১৩ রানের।
প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট হারানো শ্রীলঙ্কা এবার প্রথম উইকেট হারিয়েছে প্রথম বলেই। এবার জেরোম টেলরের শিকার করুণারত্নে। ফ্লিক করতে গিয়ে স্কোয়ার লেগে দেবেন্দ্র বিশুর দারুণ এক ক্যাচ হয়েছেন করুণারত্নে।
দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের পতনের শুরু অবশ্য বিশুকে দিয়েই। ষষ্ঠ ওভারে ‘নৈশ প্রহরী’ বিশু জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে ক্যাচ দিয়েছেন উইকেটকিপার কুশল পেরেরাকে। উইকেটটি পেয়েছেন আগের দিন শাই হোপকে আউট করা ধাম্মিকা প্রসাদ। প্রসাদ পরে আরও ২টি উইকেট নিয়েছেন। টেস্টে সর্বশেষ ৬ ইনিংসে এ নিয়ে চারবার ৪ উইকেট নিলেন এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বাকি ৬টি উইকেট ভাগাভাগি করেছেন শ্রীলঙ্কার তিন স্পিনার দিলরুয়ান পেরেরা (৩), মিলিন্দা সিরিবর্ধনা (২) ও রঙ্গনা হেরাথ (১)। টেন অ্যাকশন, ক্রিকইনফো।