ব্যর্থতা মেনে আশার তরি বাওয়া

সবার আগে বেরিয়ে এলেন শামসুর রহমান। ক্যারিবিয়ানে শেষ ইনিংসে টেস্ট ক্রিকেটকে ক্ষণিকের জন্য বানিয়ে ফেলেছিলেন টি-টোয়েন্টি। তবে শরীরের সেই ‘তেজ’ কাল ছিল না। ক্লান্ত, বিধ্বস্ত। মুখাবয়বে জগতের ওপরই যেন বীতশ্রদ্ধ। শরীরটাকে টেনে নিয়ে আসছিলেন কোনোক্রমে। শামসুর যেন সাম্প্রতিক সময়ের বাংলাদেশ দলেরই প্রতীক!
লম্বা ভ্রমণের ক্লান্তিটা ছিল স্বাভাবিক। সঙ্গে পারফরম্যান্সের দুরবস্থাও শরীরে ছাপ না রেখে পারেই না! ওপেনিং সঙ্গীর খানিক পর বেরিয়ে এলেন তামিম ইকবাল, দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন গাড়িতে অপেক্ষমাণ স্ত্রীর সঙ্গে। অধিনায়ক-ম্যানেজারের তো সেই ‘বিলাসিতা’ দেখানোর সুযোগ নেই। সকাল আটটা থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় সংবাদকর্মীদের বিশাল বহর। ক্লান্ত শরীরে, ঘুম ঘুম চোখে ক্যামেরা-মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে হাবিবুল বাশার ও মুশফিকুর রহিমকে ময়নাতদন্ত করতে হলো ওয়েস্ট ইন্ডিজ সফরের।
নির্বাচক হাবিবুল বাশার এই সফরে ছিলেন দলের ম্যানেজারও। কানের নিচে সাদা জুলফি দেখে এক সাংবাদিকের রসিকতা, ‘সুমন ভাই, এক মাসেই চুল পেকে গেছে!’ হাবিবুলও সরস উত্তর দিলেন। তবে দলের পারফরম্যান্স নিয়ে কী আর রসিকতা করবেন! বছরের শুরু থেকে ব্যর্থতার জালে বন্দী বাংলাদেশ দল। ক্যারিবিয়ান সফরে সেই জাল আরও জড়িয়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে। গোটা বছরে ওয়ানডেতে জয় নেই। টেস্টে চার ম্যাচের তিনটিতেই হার, একটি ড্র। বছরে জয় বলতে কেবল দুটি টি-টোয়েন্টিতে, সেটাও আফগানিস্তান-নেপালের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বশেষ এ রকম দুঃসময় গেছে সেই ২০০৩ সালে। ওয়ানডেতে বাংলাদেশের সর্বশেষ জয়বিহীন বছর ছিল সেটি, টেস্ট জয় তখনো অধরা। সেই সময় দলে ছিলেন হাবিবুল, দুঃসময়কে দেখেছেন কাছ থেকে। পরে হাবিবুলের অধিনায়কত্বেই দুঃসময় জয় করেছিল বাংলাদেশ। এবার তিনি দুঃসময়ের সাক্ষী ভিন্ন ভূমিকায়। প্রায় এক যুগ আগের সেই সময়টার পর এ বছর বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বাজে সময় কি না, এই প্রশ্নে বাস্তবতা মেনেই নিলেন হাবিবুল, ‘বলতে পারেন সবচেয়ে খারাপ। কিছু কিছু হার গ্রহণ করা ছিল কঠিন। জানি না এর সঠিক ব্যাখ্যা কী। কোনো না-কোনোভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ’
তবে ম্যানেজার তিনি। দলের পাশে দাঁড়ানোও তো দায়িত্ব! হতাশার পিঠে আশার গানও তাই শোনালেন, ‘দেখুন, এখন সবাই আশা করে দল জিতবে। এই ছেলেরাই জিততে জিততে সেই প্রত্যাশার জায়গায় নিয়ে গেছে। সাত মাস আগে এই দলটাই বেশ ভালো খেলেছে, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ড্র করেছিলাম আমরা। কাছ থেকে দেখেছি বলেই জানি, ছেলেরা চেষ্টার কমতি রাখছে না। পরিশ্রমে কোনো ঘাটতি নেই। আশা করি, খারাপ সময়টা আর বেশি লম্বা হবে না।’
মুশফিকের কণ্ঠে নতুন খুব বেশি কিছু শোনা যায়নি। ক্যারিবিয়ানে যা বলে এেসছেন, ঘুরিয়ে-ফিরিয়ে সেসবেরই পুনরাবৃত্তি করেছেন। ব্যর্থতা মেনে নেওয়া, প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশা ছিল কণ্ঠে। ব্যর্থতার কারণ হিসেবে বললেন মৌলিক ব্যাপারগুলোই, ‘ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমরা আউট হয়ে গেছি। বোলিংয়েও আবার প্রয়োজনের সময় ব্রেক থ্রু দিতে পারেনি বোলাররা। সব মিলিয়ে বলব আমাদের দায়িত্ব পালনে ঘাটতি ছিল কম-বেশি সবার।’
ক্যারিবিয়ানে বলে এসেছেন প্রয়োজনে দলে ‘বড় ধরনের পরিবর্তন’ আনতে হবে। কাল সেই ‘বড়’টা বদলে গেল ‘একটু’তে, ‘বড় পরিবর্তন বলব না, তবে টিম কম্বিনেশনে একটু পরিবর্তন আনা দরকার হয়তো।’ প্রশ্ন উঠেছে জবাবদিহিরও। শুনে অধিনায়কের মুখে শুকনো হাসি, ‘পারফরম্যান্স খারাপ হলেই সব সময় জবাবদিহি করতে হয়। এটা কোনো সমস্যা না আমার ক্ষেত্রে। খারাপ হলে দোষটা আমাদেরই, বিশেষ করে আমার। ফলাফল যেমন হওয়া উচিত ছিল তেমন হয়নি। কিন্তু কোচ-আমাদের যেভাবে চেষ্টা ছিল এখানে কোনো ত্রুটি ছিল না। আমরা আরও চেষ্টা করব।’
অধিনায়ক-ম্যানেজার যথারীতি আশার তরির যাত্রী। অস্বাভাবিকও নয়। তবে ব্যর্থতার সত্যিকার সমাধান না খুঁজলে আশার তিরই বাইতে হবে শুধু, সেই তির গন্তব্য খুঁজে পাবে না!
টেস্ট যুগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ
বছর ম্যাচ জয় হার ড্র ফল হয়নি জয়-পরাজয় (%)
২০০৯ ২৫ ১৬ ৯ ০ ০ ১.৭৭
২০০৬ ৩৩ ১৯ ১৪ ০ ০ ১.৩৫
২০১৩ ১৯ ৭ ৮ ৩ ১ ০.৮৭
২০১২ ২০ ৯ ১১ ০ ০ ০.৮১
২০০৭ ৩৫ ১০ ২৪ ১ ০ ০.৪১
২০১১ ২৭ ৭ ১৯ ১ ০ ০.৩৬
২০০৫ ২০ ৫ ১৪ ১ ০ ০.৩৫
২০১০ ৩৭ ৯ ২৮ ০ ০ ০.৩২
২০০৮ ৩৭ ৫ ৩১ ১ ০ ০.১৬
২০০৪ ২৭ ৩ ২২ ২ ০ ০.১৩
২০১৪* ২৭ ২ ২২ ১ ২ ০.০৯
২০০০ ৫ ০ ৫ ০ ০ ০.০০
২০০১ ১৪ ০ ১৩ ১ ০ ০.০০
২০০২ ২২ ০ ২১ ০ ১ ০.০০
২০০৩ ৩০ ০ ২৯ ০ ১ ০.০০
* ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত