ব্যর্থতার জন্য ভারত সফরকে দুষছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাদের শেষটা ভালো হয়নি। ছবি: এএফপি
সাঙ্গাদের শেষটা ভালো হয়নি। ছবি: এএফপি

ভারতের জন্যই নাকি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে লঙ্কানদের! শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এমনটাই দাবি করেছেন এসএলসির সাবেক একজন প্রশাসনিক কর্মকর্তা। কারণ হিসেবে তড়িঘড়ি করে গত বছর ভারত আয়োজন করা শ্রীলঙ্কার ৫ ওয়ানডের সিরিজটির কথা বলা হয়েছে।
এসএলসি চেয়ারম্যান জয়ন্থ ধর্মদাসার কাছে চিঠিটি লিখেছেন বর্তমানে এসএলসির নির্বাহী কমিটির সদস্য শাম্মী সিলভা। সিলভার দাবি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানের পরাজয় লঙ্কানদের বিশ্বকাপ প্রস্তুতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। ভারতের সঙ্গে সেই সিরিজে খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নানা অন্তর্দ্বন্দ্বের কারণে সিরিজ না খেলেই দেশে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। স্পনসর ও আর টিভি স্বত্বের ক্ষতি পুষিয়ে নিতে তাৎক্ষণিকভাবে ভারত শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানায়। বাড়তি একটি সিরিজ এ ক্ষেত্রে অনেক সময়ই খেলোয়াড়দের ক্লান্তি-অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। সেসময় টানা পাঁচটি ম্যাচে পরাজয় খেলোয়াড়দের মানসিকভাবেও অনেক দুর্বল করেছে বলে অভিযোগ করেছেন সিলভা।
সেই চিঠিতে সিলভা দ্রুত একটি নির্বাহী কমিটির সভা তলব করার আহ্বান জানান। বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার দ্রুত বিদায়ের ব্যাখ্যাও চাওয়া উচিত বলে চিঠিতে লেখেন তিনি। একই সঙ্গে তিনি দায়ী করেন দলের নির্বাচকদেরও। তাঁর অভিযোগ দল নির্বাচনে রাজনৈতিক প্রভাব রয়েছে। ক্রিকেট দলের কোচ হিসেবে মারভান আতাপাত্তুর ব্যর্থতা শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন বিফলে যাওয়ার আরেক এক কারণ বলে জানিয়েছেন তিনি। অবশ্য চিঠিতে সরাসরি আতাপাত্তুর নাম তোলেননি। তবে লিখেছেন যে একজন বিদেশি কোচের উপস্থিতি দলের জন্য আরও সহায়ক হতো।

কোয়ার্টারে ফাইনালে হারের পাশাপাশি এবার লঙ্কানরা হারিয়েছে কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনের মতো বিশ্বমানের খেলোয়াড়। এ ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন করে শুরু করতে চায় এসএলসি। তথ্যসূত্র: পিটিআই