ব্যর্থতার ভাগ নিতে হবে বিসিবিকেও
শুধু সাফল্যের ভাগ নয়, ব্যর্থতার ভাগও নেওয়া উচিত বিসিবির। দুঃসময়ে পাশে দাঁড়াতে হবে ক্রিকেটারদের।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচটি মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে বসেই দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশের হার-জিত দুটোতেই সাধারণত তাঁর প্রতিক্রিয়া হয়ে যায় একটু বাড়াবাড়ি রকমের। এবারও ব্যত্যয় ঘটেনি। হারের পরদিন পরশু মাসকাটে সংবাদমাধ্যমের কাছে নাজমুল হাসান জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
প্রথম ম্যাচে হারলেও তখনো গ্রুপ পর্বে বাংলাদেশের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। এর মধ্যেই বিসিবি সভাপতি দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সমালোচনা করে বললেন, ‘প্রথম দুজন বাদই দিলাম। তিন, চার ও পাঁচ—সেখানেই তো আমরা ম্যাচ হেরে গেছি!’ একটা টুর্নামেন্টের মধ্যে এ ধরনের মন্তব্য বোর্ড সভাপতির কাছ থেকে আসা একটু অপ্রত্যাশিতই।
এটা ঠিক যে স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ রানে দুই ওপেনারের বিদায়ের পর সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহরই উচিত ছিল ম্যাচটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাওয়া। কিন্তু সমালোচকদের স্রোতে যখন স্বয়ং বোর্ড সভাপতিও মিশে যান, ক্রিকেটাররা তখন পুরোপুরিই অসহায় হয়ে পড়েন। স্কটল্যান্ডের কাছে হার সবচেয়ে ক্ষতবিক্ষত তো করেছে তাঁদেরই। বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পারতেন খেলোয়াড়দের পিঠে সান্ত্বনার হাত রাখতে, সাহস দিতে। কিন্তু ক্রিকেটাররা উল্টো তাঁর মুখে শুনলেন কট্টর সমালোচনা। বোর্ড প্রধান হিসেবে নাজমুল হাসানের মতামত থাকতেই পারে। সেটি সরাসরি টিম ম্যানেজমেন্টকে জানালেই হয়। খেলা চলাকালীন বিসিবি সভাপতির কাছ থেকে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য না আসাই ভালো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী দেশটির সাবেক অধিনায়ক হলেও দল নিয়ে ক্রিকেটীয় মন্তব্য তাঁর মুখে তেমন শোনা যায় না। গ্রায়েম স্মিথ, অ্যাশলে জাইলস দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ে কাজ করেন। তাঁরাও প্রকাশ্যে নিজ দেশের ক্রিকেটারদের প্রশংসাই করেন, সমালোচনা নয়। ব্যতিক্রম শুধু বাংলাদেশ দল। দেশের সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বোর্ড—সব মহল থেকেই তাদের যে রকম সমালোচনা শুনতে হয়, যে রকম চাপ নিতে হয়, সেটি আর কোনো দলের ক্রিকেটারদেরই নিতে হয় না।
মোহাম্মদ নাঈমকে কেন প্রথম ম্যাচে খেলানো হয়নি, তোলা হয়েছে সে প্রশ্নও। এটি অবশ্য নতুন নয়। একাদশে কাদের থাকা উচিত, ব্যাটিং অর্ডার কেমন হওয়া উচিত— বাংলাদেশ দলের খেলার মধ্যে নিয়মিতই এসব নিয়ে মন্তব্য আসে বোর্ড থেকে। বোর্ড স্কোয়াড ঘোষণা করার পর একাদশ নির্বাচনের দায়িত্ব কোচ-অধিনায়কের। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এখন এই সংস্কৃতিই দাঁড়িয়ে যাচ্ছে যে একাদশে কারা থাকবেন, টসে জিতলে কী নিতে হবে, সেসব বোর্ডের শীর্ষ কর্তাদেরও জানা থাকা চাই এবং শেষ মুহূর্তে কোনো কারণে সিদ্ধান্ত বদলে গেলে টিম ম্যানেজমেন্ট দাঁড়াবে কাঠগড়ায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী নীতির সঙ্গেই এটি সাংঘর্ষিক। সে নীতি অনুযায়ী ম্যাচের আগে দল সংশ্লিষ্ট কোনো তথ্যই দলের বাইরে যেতে পারার কথা নয়।
অবশ্য স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতে গেলে এত হইচই না-ও হতে পারত। সাফল্যের ভাগ সবাই চায়, ব্যর্থতার ভাগ যে কেউই নেয় না!