ব্যাংকক যাওয়া হয়নি ৪ বছরেও
‘নাম দাও ব্যাংকক যাও’। বিজ্ঞাপনের চমকপ্রদ ভাষায় আকৃষ্ট হয়ে নাম তাঁরা দিয়েছিলেন ঠিকই। কিন্তু ব্যাংকক যাওয়া হয়নি চার বছরেও।
২০১২ সালের প্রথম বিপিএলের আগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগীয় দলের জন্য ফ্র্যাঞ্চাইজির নাম চেয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে দেওয়া হয়েছিল বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএলের তখনকার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অন এবং ব্রডকাস্ট পার্টনার চ্যানেল নাইনের লোগো ছিল। জুরিবোর্ডের মাধ্যমে সেরা নাম বাছাই করে বিজয়ীদের ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ দুই রাত তিন দিন ভ্রমণের সুযোগ দেওয়ারও প্রতিশ্রুতি ছিল বিজ্ঞাপনে।
প্রতিশ্রুতি পূরণ হয়নি এখনো। বিজয়ীদের মুঠোফোন বার্তায় অভিনন্দন জানিয়ে পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরে আসেন সবাই। সংবাদ সম্মেলনকক্ষে ‘প্রাইজ গিভিং সিরিমনি অব বিপিএল নেম সার্চ কম্পিটিশন’ লেখা ব্যানার থাকলেও বিজয়ীদের নাকি জানানো হয়, বিসিবি সভাপতি উপস্থিত থাকতে পারছেন না বলে অনুষ্ঠান স্থগিত। এরপর থেকে ব্যাপারটা নিয়ে একেবারেই নীরব বিসিবি ও সংশ্লিষ্টরা।
বিজয়ীদের একজন কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক নাজমুল আবেদীন। তাঁর দাবি, শেরাটন হোটেলের নতুন নাম ‘রূপসী বাংলা’ দিয়ে বিজয়ী হওয়া আটজনের একজন তিনি। বিটিসিএলের ‘দেশ ও মানুষের সেবায়’ এবং কুমিল্লা নগরের ‘সিটি অব হেরিটেজ’ স্লোগানও তাঁর দেওয়া। এ ছাড়া বিভিন্ন পণ্যের ব্র্যান্ডের নামকরণ প্রতিযোগিতায় জিতেছেন কয়েকবার। প্রতিশ্রুত পুরস্কার পেয়েছেন সব ক্ষেত্রেই। ব্যতিক্রমী অভিজ্ঞতা হলো শুধু বিপিএল ফ্র্যাঞ্চাইজির নাম দিয়ে।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল নাজমুল আবেদীনের দেওয়া দুটি নাম ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস’ এবং ‘খুলনা রয়্যাল বেঙ্গলস’। প্রথম দুই বিপিএলে ওই নামেই খেলেছে ঢাকা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি। মুঠোফোনে এই শিক্ষকের আফসোস, ‘আমি এ রকম অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতেছি। কিন্তু বিপিএলের দলের নাম দিয়ে যে অভিজ্ঞতা হলো, সে রকম কখনো হয়নি। পুরস্কার দেওয়া হবে বলে ডেকে নিয়েও আমাদের তা দেওয়া হয়নি।’
একই অভিজ্ঞতা একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার জাফর উল্লাহর। ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস’ নাম তিনিও দিয়েছিলেন এবং আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন ২০১২ ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানে। ‘পুরস্কার জেতা অনেকেই সেদিন মিরপুরে গিয়েছিলেন। পরদিন এসএসসি পরীক্ষা থাকা সত্ত্বেও বাবা-মাকে নিয়ে আশুলিয়া থেকে এসেছিল একটা ছেলে। পাঁচ ঘণ্টা বসে থাকার পরও যখন কিছু হলো না, ছেলেটা কাঁদতে কাঁদতে ফিরে গেছে’—বলেছেন জাফর উল্লাহ। মাঝে কয়েকবার যোগাযোগের পর ৪ ডিসেম্বর প্রাপ্য পুরস্কার দাবি করে বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি চিঠি দিয়েছেন তিনি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বীকার করেছেন, ‘এ নিয়ে কিছু জটিলতা আছে।’ সঙ্গে অবশ্য প্রতিশ্রুতিও দিলেন, ‘প্রথম দুই বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির রেখে যাওয়া অনেক সমস্যারই সমাধান করতে হয়েছে আমাদের। এ বিষয়টা নতুন জানলাম। যেহেতু সরাসরি অভিযোগ এসেছে, এটাকেও আমরা গুরুত্ব দিয়ে দেখব।’