ব্যাংককে বড় জয় জাহানারাদের
রুমানা, ফাহিমা, রিতুদের বিপক্ষে দাঁড়াতেই পারল না থাইল্যান্ডের মেয়েরা। ১৪.৪ ওভারেই তাঁরা অলআউট হয়ে গেলেন মাত্র ৩২ রানে! ৭৩ রানের বড় জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হলো বাংলাদেশের মেয়েদের।
১০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা থাই দলের চানিদা সুথিরুয়াংকে বাদ দিলে স্বাগতিক দলের বাকি ১০ ব্যাটসম্যানের রান—৭, ০, ৫, ০, ০, ৫, ০, ০, ০, ০*! সুথিরুয়াং দুই অঙ্কে পা রাখলেও করেছেন মাত্র ১৩। ১টি চার মেরেছেন, থাই ইনিংসের একমাত্র ৪। দুটি করে উইকেট নিয়েছেন রুমানা, ফাহিমা ও রিতু।
এর আগে ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১০৫ রান করে বাংলাদেশ। ওপেনার আয়েশা রহমান ২টি চারে ৩২ বলে করেন ইনিংস-সর্বোচ্চ ৩০ রান। ফারজানা হক ১ চারে ২১ বলে ২৩ রান করেন। ১৭ ও ১২ রান এসেছে শায়লা শারমিন ও শারমিন আখতারের ব্যাট থেকে।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বাকি দলটি পাপুয়া নিউগিনি। ২০১৬ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হলে আট দলের এই বাছাইপর্বের ফাইনালে খেলতেই হবে জাহানারাদের। এএফপি।