নিজেদের কাজটা করে রাখল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কাল ফতুল্লায় পয়েন্ট তালিকার শীর্ষ দল প্রাইম দোলেশ্বরকে হারিয়ে সুপার লিগে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুভাগত-সাব্বিরের দল সুপার লিগে উঠতে পারবে কি না, তা জানতে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে ৮ জুন প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ দিন পর্যন্ত।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইসের হিসাবে দোলেশ্বরকে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখে হারিয়ে দিয়েছে ব্যাংকাররা। ১৮৯—লক্ষ্যটা জেনেই মধ্যাহ্নবিরতিতে যায় প্রাইম ব্যাংক। কিন্তু লাঞ্চ সারার আগেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বৃষ্টি থামার পর খেলা শুরু করতে করতে বেলা পৌনে তিনটা। ডি-এল পদ্ধতিতে নতুন লক্ষ্য ৩৬ ওভারে ১৬৫। ব্যাংকাররা হিসাবটা মেলালেন দারুণভাবেই।
ইনিংসের শুরুতে অবশ্য প্রাইম ব্যাংক কিছুটা বিপাকে ছিল। ১৩.৪ ওভারে ৫১ রান তুলতেই চলে যায় ৩ উইকেট। বোলিংয়ে দোলেশ্বরের সাফল্য অবশ্য ওটুকুই। ইনিংসের পরের অংশটা পুরোপুরিই উন্মুক্ত চাঁদ ও সাব্বির রহমানের। দুজনের অবিচ্ছিন্ন ১১৪ রানের চতুর্থ উইকেট জুটিতেই ম্যাচ পকেটে পুরেছে ব্যাংক।
সাব্বির অপরাজিত ছিলেন ৫৭ বলে ৬২ রান করে। তাঁর ইনিংসে ৪টি চারের পাশাপাশি আছে লং অন, মিড উইকেট ও লং অফ দিয়ে মারা তিনটি বিশাল ছক্কা। যার শেষ দুটি মেরেছেন বাঁহাতি স্পিনার সানজামুলের করা ২৫তম ওভারে টানা দুই বলে মেরেছেন।
ওই ওভারের প্রথম বলেই মিড উইকেট দিয়ে ছক্কা মেরেছিলেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক উন্মুক্ত চাঁদ। তিনিই পরে স্কয়ার লেগ দিয়ে ছয় মেরে ম্যাচের ইতি টেনেছেন। তাঁর ৭৪ বলের ৫৯ রানের ইনিংসেও ছয় ৩টি।
টস হেরে ব্যাটিং পাওয়া দোলেশ্বরের ইনিংসজুড়েই আছে আফসোস। প্রথম ওভারেই ওপেনার রবিউলকে হারায় তারা, শেষ পর্যন্ত দলটি ৪৭.৪ ওভারে অলআউট মাত্র ১৮৮ রানে। ইনিংস-সর্বোচ্চ ৪৪ রান দু-তিনবার আউট হতে হতেও বেঁচে যাওয়া রকিবুলের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান সাতে নামা রনি তালুকদারের। স্কোর ১৮৮ পর্যন্ত পৌঁছাতে পেরেছে শেষ জুটিতে রাহাতুল ও আল আমিন ২১ রান যোগ করাতেই।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ৪৭.৪ ওভারে ১৮৮ (রকিবুল ৪৪, রনি ৩৩, ইমতিয়াজ ৩২, সানজামুল ২০; আজিম ৩/২৮, মনির ৩/৩১, শুভাগত ২/৩৪, রুবেল ২/৩৯)। প্রাইম ব্যাংক (লক্ষ্য ৩৬ ওভারে ১৬৫): ৩১.৩ ওভারে ১৬৫ (সাব্বির ৬২*, চাঁদ ৫৯*, শানাজ ২২; রাহাতুল ২/৩৭, সানজামুল ১/৪২)।
ফল: প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী (ডি-এল)।
ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।