ব্যাট উঁচিয়ে জবাব

ম্যাচে তখন নখ কামড়ানো উত্তেজনা। প্রতিটি রান মহামূল্য। পানিয়াঙ্গারার একটি শর্ট বল স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে গ্যালারি উত্তাল করলেন শাহাদাত হোসেন। আর ছক্কাটি হতেই উঁচিয়ে ধরলেন ব্যাট! মাঠের ভেতরে-বাইরে শাহাদাত সত্যিকারের এক চরিত্র। শুধু ছক্কার কারণে ব্যাট তোলাটাও অপ্রত্যাশিত নয়। তবে কাল ছিল একটা পেছনের গল্প।
জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় থেকেই শাহাদাতের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই চলছিল সিকান্দার রাজার। বাউন্সারে সিকান্দারের হেলমেটে লাগিয়েছিলেন শাহাদাত। ফলো থ্রুতে এগিয়ে গিয়ে ব্যাটসম্যানের দিকে ফাস্ট বোলারসুলভ ছিঁড়েখুঁড়ে খাওয়ার ‘লুক’ দিয়েছিলেন বেশ কিছুক্ষণ ধরে। পরের ওভারেই আবার শাহাদাতের আরেকটি শর্ট বলে পুল করে চার মারেন সিকান্দার। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর মাঠে সবচেয়ে বেশি চলছিল সিকান্দারের মুখ। শামসুর রহমান আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে জানালেন, অনেক বেশি স্লেজিং করছে সিকান্দার। শাহাদাত ব্যাটিংয়ে নামতে স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছিল কথার তোড়। ছক্কাটি মেরেই তাই শাহাদাত ব্যাট দিয়ে দেখিয়ে দিলেন, ‘ওই যে ওই দিকে গেছে বল, গিয়ে খুঁজে নাও।’ আরেক প্রান্ত থেকে মুশফিক বলেছেন, ‘দেখছ শাহাদাতের ব্যাটের জোর!’
‘লড়াইটা’ জিতে দিন শেষেও মজা পাচ্ছিলেন শাহাদাত, ‘ও অনেক বেশি কথা বলছিল, আমিও ঠিক করেছিলাম দেখিয়ে দেব। মাঠে এসব হয়ই, খুব বড় কিছু নয়। এসব চ্যালেঞ্জে খেলার মজাটা আরও বেড়ে যায়।’