পাকিস্তানের সংগ্রহ ৩৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেহজাদ-সোহেল জুটিই ৩৩৯ রানের ভিত গড়ে দেয় পাকিস্তানের ছবি: এএফপি।
শেহজাদ-সোহেল জুটিই ৩৩৯ রানের ভিত গড়ে দেয় পাকিস্তানের ছবি: এএফপি।

দলীয় ১০ রানেই নাসির জামশেদকে হারিয়ে পাকিস্তান দল আচ্ছন্ন হয়েছিল অজানা শঙ্কার মেঘে। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে আহমেদ শেহজাদ ও হারিস সোহেলের দুর্দান্ত এক জুটি সেই শঙ্কার মেঘ ঠেলে পাকিস্তানকে ফিরিয়ে দেয় আত্মবিশ্বাসের জীয়নকাঠি। সেই জীয়নকাঠিকে পুঁজি করেই বাকি ব্যাটসম্যানদের ধারণ করা রুদ্রমূর্তিতে আরব আমিরাতের বিপক্ষে এল ৩৩৯ রানের দারুণ স্বস্তিদায়ক এক সংগ্রহ।
এবারের বিশ্বকাপে মোহাম্মদ হাফিজের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া নাসির জামশেদ ব্যর্থ হলেন টানা চার ম্যাচ। মঞ্জুলা গুরুগের বলে খুররাম খানের ক্যাচে পরিণত হয়ে ফেরার আগে আজ তাঁর সংগ্রহ মাত্র ৪। জামশেদের ফিরে যাওয়ার পর শেহজাদ ও সোহেল নিজেদের গুছিয়ে উঠতে কেবল একটু সময় নেন। এরপরই নিজেদের দারুণভাবে মেলে ধরেন তাঁরা। শেহজাদ মাত্র ৭ রানের জন্য নিজের সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ১০৫ বলে ৮টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর ইনিংসটি শেষ হয় রান আউটের দুর্ভাগ্যে পড়ে। এর একটু আগে অবশ্য ব্যক্তিগত ৭০ রানে ফেরেন সোহেল। তাঁর ৮৩ বলের ইনিংসটির সমাপ্তি টেনে দেন মোহাম্মদ নাভিদ ও শাইমান আনোয়ার যুগল। নাভিদের বলে শাইমান ধরেন তাঁর ক্যাচটি।
স্কোরবোর্ডে ১৬০ রান যোগ করেই বিচ্ছিন্ন হন তাঁরা। মাত্র ৬ রানের ব্যবধানে শেহজাদ ও সোহেলের পাকিস্তানকে আবারও শঙ্কার মধ্যে ফেললেও শোয়েব মাকসুদ ও অধিনায়ক মিসবাহ-উল হক সেই শঙ্কা দূরে ঠেলেন নিজেদের ব্যাটিং-শৈলী দিয়েই। মাকসুদের ইনিংসটি বড় হতে পারত, কিন্তু তিনি ব্যক্তিগত ৪৫ রানে ফেরেন গুরুগের বলে রোহান মুস্তফার ক্যাচ হয়ে। মাত্র ৩১ বলে তাঁর ইনিংসটিতে ছিল ৪টি চার ও দুটি ছয়ের মার।
মাকসুদের বিদায়ের পর মিসবাহর সঙ্গে জুটি বাঁধেন উমর আকমল। মিসবাহ ৬৫ রান করে দলের স্কোরবোর্ডের চাকা ঘোরাতে গিয়ে লং অনে ক্যাচ দেন রোহান মুস্তফার হাতেই। এ ক্ষেত্রেও বোলার ছিলেন ওই মঞ্জুলা গুরুগে। ৪৯ বলে ৪টি চার ও দুটি ছয়ের মারে মিসবাহর এই ইনিংসটিও ছিল শোয়েব মাকসুদের মতোই দারুণ আক্রমণাত্মক। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন মাত্র ৮ দশমিক ৫ ওভারে যোগ করেন ৭৫ রান।
শেষের দিকে উমর আকমলের ১৩ বলে ১৯ আর শহীদ আফ্রিদির ৭ বলে ২১ রানের দুটি ঝোড়ো ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ফুলে-ফেঁপে ওঠে।
আরব আমিরাতের পক্ষে আজ সেরা বোলার গুরুগে। ৫৬ রানের বিনিময়ে ৪ উইকেট গেছে তাঁর ঝুলিতে। একটি উইকেট মোহাম্মদ নাভিদের।
নিজের ২১ রানের ইনিংসটির মধ্যেই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের আট হাজারি ক্লাবের সদস্যপদটা পেয়ে গেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে আফ্রিদি মালিক হয়েছেন এই অনন্য সম্মানের। সূত্র: স্টার স্পোর্টস।