তামিমের শতক, উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড

টেস্ট ক্যারিয়ারে এর আগে পাঁচটি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। কিন্তু একটিও নিজের শহর চট্টগ্রামে নয়। ব্যাপারটি যেন হয়ে ছিল তাঁর জন্য এক বিরাট অপূর্ণতা। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই অপূর্ণতাকে পেছনে ফেললেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নিজ শহরের বুকে এল তাঁর প্রথম টেস্ট-শতকটি।
এই শতকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শতকের রেকর্ডটিতেও তিনি ভাগ বসালেন। ভাগ বসালেন বলতে আজকের সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি পাশে বসেছেন মোহাম্মদ আশরাফুলের। আশরাফুল-তামিম দুজনেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছয়টি শতকের মালিক।
ইমরুল কায়েসকে সঙ্গী করে জিম্বাবুয়ের ওপর রাজত্বই করছেন তামিম। টেস্ট ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটিও আজ ভেঙে ফেলেছে এই জুটি। প্রথম উইকেটে এখন পর্যন্ত ১৯৪ রান তুলে চার বছর আগে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে গড়া নিজেদের রেকর্ডই ছাড়িয়েছেন তাঁরা। আগের রেকর্ডটি ছিল ১৮৫ রানের। ৮৮ রানে অপরাজিত থেকে ইমরুলও অপেক্ষায় আছেন দারুণ এক শতকের।