ব্যাট করছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ‘জয়’টা পেয়েছে বাংলাদেশই। টস ভাগ্যের জয়টা প্রথম ওয়ানডেতে গেছে বাংলাদেশের পক্ষেই। টসে জিতে মিরপুরের উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছেন আজকের দিনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তে চমক নেই। তবে চমক আছে বাংলাদেশের প্রথম একাদশে। অনুমিত ছিল আজ অভিষেক হতে যাচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের। কিন্তু আপাতত পিছিয়েই গেছে রনির ওয়ানডে অভিষেক। পেসার আবুল হাসান প্রথম একাদশে থাকবেন-এমনটাও ভেবেছিলেন খুব কম মানুষই। কিন্তু রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দলে আছেন তিনিও। তামিম ইকবালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন বিশ্বকাপে তিন নম্বরে নেমে দারুণ খেলা সৌম্য সরকার। মাহমুদউল্লাহ খেলবেন তিন নম্বরে, চারে মুশফিকুর রহিম, পাঁচে সাকিব আল হাসান, ছয়ে সাব্বির রহমান, সাতে নাসির হোসেন। এর পরের স্থান গুলোতে আসবেন আবুল হাসান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
প্রথম ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আবুল হাসান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।