ব্যাট দিয়ে মাথা ফাটানোর ইচ্ছা হয়েছিল আজমলের

২০১০ সালে বার্মিংহাম টেস্টে ব্যাট দিয়ে কার মাথা ফাটাতে চেয়েছিলেন সাঈদ আজমল?
ধরুন, আপনি দলের লেজের দিকের ব্যাটসম্যান। ব্যাটিংয়ে নামার পর নতুন বল হাতে নিলেন প্রতিপক্ষ দলের সেরা বোলার। এরপর ছুড়ল একের পর এক বাউন্সার। কী করবেন?
হয়তো অনেক কিছুই করতে ইচ্ছে হবে। খেলাটা ভদ্রলোকের এবং দক্ষতার ঘাটতিতে হয়তো মুখ বুঁজে থাকতে হবে। পাকিস্তানের সাবেক পেসার সাঈদ আজমল একবার এমন সংকটেই পরেছিলেন। ২০১০ সালে বার্মিংহাম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে নয়ে ব্যাট করতে নেমেছিলেন সাবেক এ অফ স্পিনার। বাকিটা শুনুন তাঁর মুখেই, ‘ইংল্যান্ড নতুন বল নেওয়ার পর (জেমস) অ্যান্ডারসন এসে বলল, বাউন্সার সামলাতে পারবে? বললাম ইংরেজি বুঝি না। ভেবেছিলাম, আমি টেল-এন্ডার হওয়ায় সে হয়তো মজা করছে। আসলে সোজা বল করে আউট করবে আমাকে।’
বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়েছিল পাকিস্তানের এই অফ স্পিনারের। অ্যাকশন শুধরে ২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার পর আর আগের মতো ধারালো ছিলেন না তিনি। অবসর নেন দ্রুতই। ৪২ বছর বয়সী এ সাবেক ইউটিউবে সে টেস্টের স্মৃতি নিয়ে কথা বলেছেন। ক্রিকেট পাকিস্তান সেখান থেকে উদ্ধৃতি প্রকাশ করেছে আজমলের।
ইংল্যান্ডের বোলাররা এরপর যা করেছিলেন সে স্মৃতিই ভাগ করে নেন আজমল, ‘ওরা একের পর এক বাউন্সার দিতে লাগল।ছয়-সাতটা বাউন্সার গায়ে লাগার পর অপর প্রান্তে গিয়ে জুলকারনাইনকে বললাম, ব্যাট দিয়ে অ্যান্ডারসনের মাথাটা ফাটাতে চাই। এরপরই সিদ্ধান্ত নিলাম শট খেলব। ক্রিজ থেকে বেরিয়ে কয়েকটি মেরেছি , বল ব্যাটে আসছিল। এভাবে ফিফটি পেয়ে যাই।’
আজমলের ক্যারিয়ারে ওটাই একমাত্র টেস্ট ফিফটি। সাহস নিয়ে খেলেছিলেন বলেই পেয়ে যান। তবে তাঁর দল পাকিস্তান কিন্তু ম্যাচটা জিততে পারেনি। হেরেছিল ৯ উইকেটে। এর মধ্যে প্রথম ইনিংসে ৭২ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।