ব্যাট ধরাই ভুলে গেলেন কোহলি!

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে সতীর্থরা যখন খাবি খেতে শুরু করলেন, বিরাট কোহলি তখন নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়ে গেলেন।
সেই সফরে ছিল একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডে যখন সতীর্থরা আবারও অসহায় আত্মসমর্পণে ব্যস্ত, তখনো সেঞ্চুরি পেয়েছেন কোহলি। অথচ সেই কোহলিই ইংলিশ কন্ডিশনে যেন ব্যাট ধরাই ভুলে গেলেন!
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে আট ইনিংসে কোহলির রান—১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০ ও ৭। সর্বোচ্চ ৩৯। শূন্য রানে ফিরেছেন দুবার। গড়? বললে কোহলি লজ্জায় মুখ লুকাবেন। ১৩.৫। তাঁর চেয়ে জেমস অ্যান্ডারসনের গড়ও দ্বিগুণ!
একজন ব্যাটসম্যানের খারাপ সময় যেতেই পারে। তবে এ সিরিজে ইংলিশ বোলারদের তোপে এমনভাবে আত্মসমর্পণ করেছেন কোহলি, সেটি তাঁর সহজাত প্রতিভার সঙ্গে বড্ড বেমানান।
লর্ডসে ভারতের রূপকথার মতো জয়েও দ্বিতীয় ইনিংসে লিয়াম প্লাঙ্কেটের বলে কোহলির আউট ছিল দৃষ্টিকটু। সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে কোহলির আউট নিয়ে রবি শাস্ত্রী ভারতের একটি পত্রিকায় নিজের কলামে লিখেছেন, ‘অ্যান্ডারসন বিরাট কোহলিকে ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। অ্যান্ডারসন ওকে কতটা সুইং করাবে, কাট করাবে কিংবা ওর নিজের অফস্টাম্পটা ঠিক কোথায়—কোনো ব্যাপারেই কোহলি এখন নিশ্চিত নয়। কোহলি ভারতীয় ব্যাটিংয়ের গর্ব কিন্তু অ্যান্ডারসন সেই গর্বকে ছোট করে দিয়েছে।’
দ্বিতীয় ইনিংসেও ওই অ্যান্ডারসনের বলেই খোঁচা দিতে গিয়ে আউট!
২৭ টেস্টে করা কোহলির ৬ সেঞ্চুরির তিনটিই বিদেশের মাটিতে। অথচ এবার দেশের বাইরে ভারতের ব্যাটিং সেনশেসনের পারফরম্যান্স দেখে মনে হবে—কোহলি নন, ব্যাট করছেন নবিশ কোনো ব্যাটসম্যান!
টেস্টে তাঁর দুর্বলতা শুরু থেকেই ছিল আলোচনার মধ্যে। কিন্তু রঙিন পোশাকের ফর্মটা সাদা পোশাকেও টেনে আনতে শুরু করেছিলেন। কিন্তু যে কোহলি ‘টেন্ডুলকারকে অতীত’ করে দেবেন বলে কথা শোনা যাচ্ছিল, সেই কোহলির এ কী দশা!
ফর্ম সাময়িক। ক্লাসটাই আসল। ক্রিকেটের এই আপ্তবাক্য মেনেও বলতে হচ্ছে, ‘টেন্ডুলকার’ হওয়া সবার কম্ম নয়!