ব্যাট নিয়ে এমসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট তো নয় যেন ভিমের গদা! আর সেই গদা নিয়েই ক্রিকেটের ময়দানে আজকাল যুদ্ধে নামেন ব্যাটসম্যানরা। ভারী ও মোটা সেসব ব্যাটের এমনই জাদুকরি ক্ষমতা যে ব্যাটে-বলে ঠিকঠাক না হলেও অনায়াসে চার-ছয় পেয়ে যাচ্ছেন ওয়ার্নার-গেইলরা। অস্বাভাবিক পুরু ও মোটা সেসব ব্যাট নিয়ে অনেক দিন ধরেই উদ্বিগ্ন ক্রিকেট-দুনিয়া। সেই ধারাবাহিকতায়ই ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) পরশু ব্যাটের পুরুত্ব নির্দিষ্ট করে দেওয়ার সুপারিশ করল।

‘খেলাটা ব্যাটসম্যানের দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছে’—ব্যাট ও বলের লড়াইয়ের ভারসাম্য নষ্ট হওয়াতে চিন্তিত এমসিসি। ব্যাটের পুরুত্ব নির্দিষ্ট করার সুপারিশ করলেও ব্যাটের ওজন ঠিক কী হওয়া উচিত, তা নিয়ে কোনো সুপারিশ করেনি এমসিসির ক্রিকেট কমিটি। ওজন নিয়ে আরও আলোচনার দরকার আছে বলে মনে করে সৌরভ গাঙ্গুলী, রিকি পন্টিং, রমিজ রাজার মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত কমিটি।

কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক ব্রিয়ারলির মত, ‘ব্যাটের কিনারা ও পুরুত্ব নির্দিষ্ট করে দেওয়ার সময় এসে গেছে। ১৯০৫ সালে ব্যাটের পুরুত্ব ছিল ১৬ মিলিমিটার। ১৯৮০ সালের দিকে সেটা বেড়ে হলো ১৮ মিলিমিটার। আর এখন পেশাদার ক্রিকেটে ব্যাটের গড় পুরুত্ব ৩৫-৪০ মিলিমিটার, কিছু ব্যাট তো ৬০ মিলিমিটার পুরু! পরিবর্তনটা খুব দ্রুতই হচ্ছে।’

এমসিসি আইসিসিকে প্রস্তাব করেছে ব্যাটের কিনারার পুরুত্ব ৩৫ থেকে ৪০ মিলিমিটারের মধ্যে বেঁধে দিতে। এ ছাড়া ব্যাটের মাঝের অংশের পুরুত্ব ৬০ থেকে ৬৫ মিলিমিটারে রাখতে বলেছে। বর্তমানে অনেকে ৫৫ মিলিমিটার পুরু কিনারার ও ৮০ মিলিমিটার গভীরতার ব্যাটও ব্যবহার করেন।

এমসিসি ক্রিকেট কমিটি অবশ্য কেবল সুপারিশই করতে পারে। সেই সুপারিশকে আইনে রূপ দেওয়ার ক্ষমতা কেবল আইসিসির। ক্রিকইনফো।