ব্যাট যেন হয়ে উঠছে গদা

আগে দেখেছেন হয়তো, ওইভাবে খেয়াল করেননি। কিংবা খেয়াল করলেও পাশাপাশি এভাবে দুটি ব্যাট রেখে তুলনা করার সুযোগ হয়নি। ব্যারি রিচার্ডস সেই তুলনাটা করলেন। এক হাতে তাঁর নিজের ব্যবহার করা একটা ব্যাট, অন্য হাতে অ্যাডিলেড টেস্টে ডেভিড ওয়ার্নার যে ব্যাট নিয়ে খেলছেন সেটি নিয়ে দেখলেন। সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান দুটি ব্যাট দেখে রীতিমতো বিস্মিত।
এত বিবর্তন ব্যাটে! তাঁর সময়ের ব্যাটের চেয়ে এখনকার ব্যাট এত পুরু! ব্যাট তো নয়, যেন ভীমের গদা! এ রকম ব্যাট নিয়ে খেলতে নেমে ব্যাটসম্যানরা ব্যাট-বলের লড়াইটাকে প্রায় একতরফা করে তো ফেলছেনই, এতে করে মাঠে বড়সড় চোটের ঝুঁকিও বাড়িয়ে তুলেছেন বলেও মনে করেন রিচার্ডস।
শুধু ওয়ার্নার নন, এমন পুরু ব্যাট নিয়ে এখন অনেকেই খেলেন। এগুলো এমনভাবে তৈরি যাতে ভালো স্ট্রোক খেলা যায় এবং স্ট্রোকে বেশ জোরও থাকে। হাল আমলের অনেক ব্যাটসম্যানেরই এ ধরনের ব্যাট বেশ পছন্দ। কিন্তু রান করার জন্য ব্যাটের পুরুত্ব কতখানি গুরুত্বপূর্ণ? ডেভিড ওয়ার্নারের ব্যাটের পাশে নিজের যে ব্যাটটি রিচার্ডস হাতে নিয়ে তুলনা করলেন, সেটি দিয়েই ১৯৭০ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে একটা ম্যাচে ৩২৫ রান করেছিলেন, তা-ও মাত্র এক দিনে! বোঝাই যাচ্ছে, টেকনিক ভালো হলে ব্যাটের গঠন খুব গুরুত্বপূর্ণ কিছু নয়।
বরং এ রকম ব্যাট নিয়ে খেলতে নেমে ব্যাটসম্যানরা অন্যদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন বলেই মনে করেন রিচার্ডস, ‘এটা তো অস্ত্রের চেয়ে কম কিছু নয়। আগের দিনের ব্যাটের সঙ্গে এই ব্যাটের একটাই মিল, দুটিই কাঠের তৈরি এবং দুটিরই গ্রিপ আছে। ব্যাটের কারণে চোট পাওয়াটাকে আমি বড় সমস্যাই মনে করি। আমার ধারণা, যেকোনো দিন যে কেউ এটার কারণে চোট পাবে। আর কেউ চোট না পেলে এটা আরও পুরু হতেই থাকবে।’
তবে পুরু হলেও ব্যাটের ওজন কিন্তু খুব বাড়েনি। রিচার্ডসের ব্যাটটির ওজন ছিল ২ পাউন্ড ৭ আউন্স, ওয়ার্নারেরটি ২ পাউন্ড ১০ আউন্স। তবে ওয়ার্নারের ব্যাটটি বানানো হয়েছে এমনভাবে যাতে যেকোনো জায়গা দিয়ে শট খেললেই তাতে অনেক জোর থাকে। এ রকমই একটা ব্যাটে কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে মিচেল মার্শের স্ট্রেট ড্রাইভ গিয়ে লেগেছিল স্পিনার টম কোটার-জাইলসের কানের নিচে। বড় কোনো দুর্ঘটনা না হলেও খুব ভালো চোট পেয়েছিলেন কোটার-জাইলস। রিচার্ডসের উদ্বেগটা এই কারণেই।
কিন্তু এর সমাধান কী? দক্ষিণ আফ্রিকার ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান ও এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির সাবেক সদস্য রিচার্ডস এমসিসিকেই এ ব্যাপারে উদ্যোগ নিতে বলছেন, ‘ওরা তো ক্রিকেটের সব আইন তৈরি করে। উইকেট কতটুকু হবে, বাউন্ডারি কতটুকু হবে। ব্যাটের পুরুত্ব সর্বোচ্চ কতটুকু হবে সেটাও ঠিক করে দিলে পারে।’ ক্রিকইনফো।