ব্যাট হাসল, হাসলেন না সৌম্য

দেখা মিলল অবশেষে।
ফিফটির পর বুকে হাত দিয়ে সেই উদযাপন। দেখা মিলল সেই সৌম্য সরকারের, ২২ গজে যাঁর প্রতিটি পদক্ষেপই মুগ্ধতা জাগানিয়া। বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একের পর এক চোখ জুড়ানো শটে দলকে জেতালেন। ম্যাচ শেষে প্রথম অভিনন্দনও পেলেন প্রতিপক্ষের অধিনায়ক ও বাংলাদেশ দলের উদ্বোধনী জুটির সঙ্গী তামিম ইকবালের।
জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে ‘এ’ দলের হয়ে সেপ্টেম্বর-অক্টোবরে দুটি বিদেশ সফরে রান পাননি। রান পাননি বিপিএলে নিজেদের প্রথম ৫ ম্যাচেও। অবশেষে খোলস থেকে বেরিয়ে এলেন। এমনিতে বাঁহাতি ওপেনারের শট সব সময়ই চোখের জন্য আরাম। আজও স্বভাবসুলভ স্ট্রোক-প্লের প্রদর্শনীতে মুগ্ধ করে চললেন রংপুর রাইডার্সের ওপেনার। সৌম্যের ইনিংসকে এক বাক্যে বললে, ৯ বাউন্ডারিতে ৩৮ আর ২০টা সিঙ্গেলস। ৫৬ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসটি সাজিয়েছিলেন কখনো পুল, রিভার্স সুইপ, সুইপ, কখনো বা ডাউন দ্য উইকেটে গ্যালারিতে বল পাঠিয়ে।
চাপমুক্তির এ ইনিংসে সৌম্যের ব্যাটে হাসি ফুটেছে ঠিকই, তবে তৃপ্তির হাসি নেই তাঁর মুখে। আগের ৫ ম্যাচের ব্যর্থতা যে বড্ড পোড়াচ্ছে তাঁকে, ‘দল থেকে কোনো চাপ ছিল না। তবে নিজের ভেতর চাপ ছিল। খারাপ খেলছিলাম। যে দলের হয়েই খেলি না কেন, তাদের কিছু দেওয়া, নিজেকে প্রমাণ করার বিষয় থাকে। এটা করতে পারছিলাম না। আজ যতটুকু খেলেছি, হয়তো দল খুশি হলেও আমি খুশি নই। আগের পাঁচ ম্যাচ যে সুযোগগুলো পেয়েছি, যদি বড় ইনিংস খেলতে পারতাম আমার জন্য ভালো হতো।’
রান তেষ্টা তীব্র বলেই এমন উপলব্ধি বাঁহাতি ওপেনারের। এও ঠিক, সৌম্যের মতো ব্যাটসম্যানদের এক ইনিংসে তৃপ্ত হওয়ার কথাও নয়। কিন্তু আগের ম্যাচগুলোয় ভালো শুরুর ইঙ্গিত দেওয়ার পরও কেন ইনিংস বড় হচ্ছিল না, প্রশ্নটার উত্তর নিজেও খুঁজেছেন সৌম্য, ‘আসলে অল্প সময় উইকেটে ছিলাম। হয়তো মাত্র ১০ বল... চিন্তার তেমন সময় পাইনি। তবে একটা চিন্তা ছিল, আউট হয়ে চলে আসছি...চেষ্টা করেছিলাম ভুলটা বের করা। এর আগে ওয়ানডেতে ২৫-৩০ করে ফিরছিলাম, এখানেও তা-ই হচ্ছিল। বলটা শুধু কম খেলছিলাম। টি-টোয়েন্টি বলে তাড়াহুড়ো হচ্ছিল বোধ হয়। এটা থেকে বের হলে ভালো হবে।’
সৌম্যের স্বস্তি, সে ভুল থেকে বের হয়েছেন। ফিরেছেন ছন্দে। আর ছন্দেই যখন ফিরেছেন, কী দরকার পেছনের ব্যর্থতা এত মনে রাখার! এখন সাফল্যের ভেলায় এগিয়ে চললেই তো হলো।