ব্যাটম্যানও আছেন আইপিএলে, ব্যাটসম্যানদের ত্রাতা হয়ে

গথাম সিটির মহা বিপর্যয়ে হাল ধরেন ব্রুস ওয়েইন। ব্যাটম্যান নামের আড়ালে উদ্ধার করেন সবাইকে। আইপিএলেরও আছে এমন এক সুপার হিরো। নাম আসলাম চৌধুরী, তবে ব্যাটসম্যানদের মহা বিপদ থেকে উদ্ধার করা এই ব্যক্তিকে সবাই এখন চেনেন ব্যাটম্যান হিসেবেই!
আইপিএলে যখনই কোনো ব্যাটসম্যানের প্রিয় কোনো ব্যাটের মেরামতি দরকার হয়, ডাক পরে ব্যাটম্যানের। মুম্বাইয়ের এম আশরাফ ব্রাদার্স নামে একটি ব্যাট প্রস্তুতকারী ও মেরামতি প্রতিষ্ঠানের মালিক আসলাম চৌধুরী। বিশের দশকে যে দোকান প্রতিষ্ঠান করেছেন তাঁর বাবা। তবে ব্যাট মেরামতির জন্যই বেশি বিখ্যাত আসলাম চৌধুরী, ‘আমি শচীন, ডু প্লেসি, স্টিভ স্মিথ, ক্রিস গেইল—অনেকের ব্যাটই ঠিক করেছি।’
আট মাস লম্বা ক্রিকেট মৌসুম বলে পুরো বছর ব্যস্ত থাকতে হয় চৌধুরীকে। বছরে অন্তত হাজার খানেক ব্যাট ঠিক করতে হয়। তবে এপ্রিল থেকে মে—এই সময়েই সবচেয়ে বেশি খাটনি যায় তাঁর, ‘আইপিএল সবচেয়ে ব্যস্ত মৌসুম, কারণ ব্যাট নিয়মিত ভাঙে এ সময়। খেলোয়াড়দের পক্ষ থেকে আমাকে ফোন করে। আমি গিয়ে ব্যাট নিয়ে আসি। হাতে খুব কম সময় থাকে কারণ প্রায়ই ওদের পরদিন চলে যাওয়ার তাড়া থাকে। ফলে যত দ্রুত সম্ভব আমাকে ব্যাট ঠিক করে পৌঁছে দিতে হয়।’
সাধারণত খেলোয়াড়দের প্রতিনিধি কিংবা ক্লাবগুলো যোগাযোগ করে তাঁর সঙ্গে, তবে ব্যতিক্রমও আছে, ‘একবার একজন ফোন করে বলল, বিরাট কোহলি বলছি। আমি ভাবলাম কেউ মজা করছে।’ শুধু কোহলি নয়, মহেন্দ্র সিং ধোনির ব্যাটও ঠিক করেছেন চৌধুরী।
সাধারণত ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন চলার সময়ে কিংবা ক্রিকেটারের হোটেলে গিয়ে ব্যাট নিয়ে আসেন চৌধুরী। কারণ ক্রিকেট পাগল দেশে কোনো খেলোয়াড়কে তাঁর দোকানে ঢুকতে দেখলে সমর্থকদের সামলানো কঠিন। তবে মাঝে মাঝে ক্রিকেটাররাও ভুল করে ফেলেন, ‘বড় তারকারা কেউ এখানে আসার সাহস করে না। কারণ, এ ভিড় হবে তাতে আর বেঁচে ফিরতে পারবে না এ গলি থেকে! লাসিথ মালিঙ্গা একবার এখানে আসার ভুল করেছিলেন। জঘন্য এক পরিস্থিতি হয়েছিল, পুলিশ ডাকতে হয়েছিল। দোকানের শাটার নামিয়ে দিয়েছিলাম। পুলিশ আসার আগে দুই ঘণ্টা এখানেই বসেছিলেন মালিঙ্গা।’
শুধু এ ব্যাট ঠিক করেন তা নয়। নিজের বাবার প্রতি সম্মান দেখিয়ে তাঁর নামে ‘মেহতাব’ ব্যাট বানান চৌধুরী। অন্যদের মতো মেশিনে ব্যাট বানান না। নতুন ব্যাট বানানোর সময় মোটা উইলো কাঠ বেছে নেন চৌধুরী। সেটা ব্যাটের আকারে এনে হাতলের জন্য ‘ভি’ আকারের একটা গর্ত বানান। তারপর পাঁচ টন ভর দিয়ে ব্যাটকে চাপ দেওয়া হয়, যেন সেটা টেকসই হয়। এরপর ব্যাটটাকে চূড়ান্ত রূপ দেন চৌধুরী। ব্যাটের কোনাগুলোতে আলাদা করে নজর দেন। খেলোয়াড়ের ব্যক্তিগত পছন্দ, কত ওজন, কতটা মোটা-সবই ঠিক করেন। কিন্তু কেন এই বাড়তি কষ্ট?
‘আপনার এ জন্য বাড়তি অনুভূতি থাকা লাগে। সেটা কাঠ বাছাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি বুড়ো হয়ে যাচ্ছি। কাঠ ছাঁচার জন্য অনেক শক্তি লাগে। এটা আমার সব শক্তি শুষে নেয়। ফলে দিনের শেষে আমি ভাঙা ব্যাট নিয়েও কোনো কথা শুনতে চাই না। আমার কাছে তখন ওসবের কোনো গুরুত্ব থাকে না। পরের দিন সকালে? হ্যাঁ, তখন আবার গুরুত্ব ফিরে আসে।’