ব্যাটসম্যান অশ্বিনই বাঁচালেন ভারতকে

পুরোদস্তুর ব্যাটসম্যানই বনে গেলেন রবিচন্দ্রন অশ্বিন! সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরির পরও যদি কারও সন্দেহ থেকে থাকে তবে সেটি উড়ে গেল কাল। সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে মূল ব্যাটসম্যানরা যখন অসহায় আত্মসমর্পণ করে নিয়েছেন, সেখানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গেলেন অশ্বিন। তাঁর প্রতিরোধেই প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলেছে ভারত।
কাল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হলো ফাস্ট বোলার আলজারি জোসেফের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন এই তরুণ। মনে রাখার মতো শুরুই হলো, অভিষেকে তাঁকে টুপি পরিয়ে দিয়েছেন জোয়েল গার্নার! সেটি আরও মধুর হয়ে উঠল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শিকার প্রাপ্তিতে, বিরাট কোহলি! পরে পেয়েছেন রোহিত শর্মার উইকেটও।
এর আগেই শিখর ধাওয়ানকে ফিরিয়ে দিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। এরপর দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও লোকেশ রাহুলের ইনিংস খুব বেশি দূর এগোয়নি। রোস্টন চেজের বলে শর্ট ফাইন লেগে ক্রেইগ ব্রাফেটের ক্যাচে পরিণত হওয়ার আগে আউট হয়েছেন ঠিক ৫০ রান করে। এর আগে ৩টি সেঞ্চুরি পেলেও রাহুলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি এটি!
একটু পরেই ফেরেন রোহিত। উইকেটে আসেন অশ্বিন। ১২৬ রানে শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে যখন অজিঙ্কা রাহানে ফিরলেন ভারত তখন গভীর সংকটে। কিন্তু দাঁড়িয়ে গেলেন অশ্বিন। তাঁকে সঙ্গ দিলেন ঋদ্ধিমান সাহা। এ দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এল ১০৮ রান। ৪০.৩ ওভারের এই অবিচ্ছিন্ন জুটিই এখন আশা দেখাচ্ছে ভারতকে।