
সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) উইকেট বোলারদের জন্য বরাবরই বধ্যভূমি। গত পাঁচ বছরে এ মাঠে অনুষ্ঠিত টেস্টে ৫০ কিংবা তারও বেশি দুই ইনিংসে সেঞ্চুরি এসেছে ১৪টি, ফিফটি ১৬টি। আর মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারার কাছে তো এ মাঠে রানের বন্যা বইয়ে দেওয়া ডাল-ভাত! অথচ কলম্বো টেস্টের প্রথম দুদিনে ব্যাটসম্যান নয়, দাপট বোলারদের! দুদিনে পড়েছে ১৬ উইকেট!
প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৪৪। খুররাম মঞ্জুর ও আহমেদ শেহজাদ শুরুটা বেশ ভালোই এনে দেন দলকে। ৪৭ রানের মাথায় খুররাম ফিরে গেলেও আজাহার আলী শেহজাদের প্রথম উইকেট জুটিতে তোলা ৬৩ রান পাকিস্তানের বড় সংগ্রহেরই ইঙ্গিত দেয়। এরপরই রঙ্গনা হেরাথের ঘূর্ণিঝড়। ১ উইকেটে ১১০ থেকে ৫ উইকেটে ১৪০—৩০ রানে ফিরে গেলেন আজহার (৩২), শেহজাদ (৫৮), ইউনিস খান (১৩), মিসবাহ-উল-হক (৫)।
এরপর আসাদ শফিক ও সরফরাজ আহমদের ষষ্ঠ উইকেট জুটি দলকে কক্ষপথে ফেরানের চেষ্টা করেন। এ জুটিতে আসে সর্বোচ্চ ৯৩। শেষ দিকে হেরাথের বলে ৪২ রানে বোল্ড হয়ে ফিরে যান আসাদ। ৬৬ রানে উইকেটে আছেন সরফরাজ। পাকিস্তানের ৬ উইকেটের পাঁচটিই নিয়েছেন হেরাথ। এ বছর এ দিয়ে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নিলেন এ বাঁ হাতি স্পিনার।
আগের দিনের ৮ উইকেটে ২৬১ রানের সঙ্গে আজ ৫৯ রান যোগ করে ৩২০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। তথ্যসূত্র: টেন ক্রিকেট ও ক্রিকইনফো