ব্যাটসম্যান মাশরাফিই এবার জয়ের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও ব্যাটে অসাধারণ ছিলেন মাশরাফি। ছবি: প্রথম আলো
আজও ব্যাটে অসাধারণ ছিলেন মাশরাফি। ছবি: প্রথম আলো

বিপিএলের আগে তামিম ইকবাল রসিকতা করেই মাশরাফি বিন মুর্তজাকে বলেছিলেন, মোহাম্মদ আমিরকে দিয়ে বিপাকে ফেলবেন! সেই আমিরকে বাউন্ডারি মেরেই ৭ বল বাকি থাকতেই জয় এনে দিলেন মাশরাফি। কুমিল্লা অধিনায়কের উল্লাস দেখে কে! এ মাশরাফি দুরন্ত! এ মাশরাফি অনন্য!
ঢাকার বিপক্ষে পরশু মুস্তাফিজুর রহমানকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলেছিলেন গ্যালারিতে। আজ একই শটে গ্যালারিতে উড়িয়ে মারলেন আসিফ আহমেদকে। ব্যাটসম্যানের নাম মাশরাফি। মারলন স্যামুয়েলসকে নিয়ে চতুর্থ উইকেটে একেকটা বাউন্ডারিতে মিরপুরের সন্ধ্যাটা দারুণ উপভোগ্য করে তুললেন কুমিল্লা অধিনায়ক।
৭.২ ওভারে ৫৪ রানে ৩ উইকেট হারানোর পর কুমিল্লাকে ৭ উইকেটের জয় এনে দিয়েছে মূলত স্যামুয়েলস-মাশরাফির অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি। এ জুটিতে ৬৯ বলে এসেছে ১২৩ রান। টি-টোয়েন্টিতে মাশরাফি পেয়েছেন প্রথম ফিফটির দেখা। করেছেন ৩২ বলে ৫৬। ১৭৫-এর স্ট্রাইক রেট বলে দিচ্ছে, কতটা চড়াও হয়েছিলেন চিটাগংয়ের বোলারদের ওপর। সঙ্গী স্যামুয়েলসও দারুণ সঙ্গ দিয়েছেন ৫২ বলে ৬৯ রানের ইনিংসে। দুজনই হাসি কেড়ে নিয়েছেন চট্টগ্রামের‍।
ক্যারিয়ারের শুরু দিকেই নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে ১৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন সেদিনকার ‘কৌশিক’। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আক্ষেপ করে বলেন, নিজের ব্যাটিং নিয়ে এতটা উদাসীন না হলে বাংলাদেশ দুর্দান্ত এক পেসার অলরাউন্ডার পেয়ে যেত।
‘ব্যাটসম্যান’ মাশরাফি এবারের বিপিএলের শুরু থেকেই দেখা দিচ্ছেন। প্রথম ম্যাচে প্রায় একাই লড়াই করেছেন। আটে নেমে খেলেছিলেন দলের সর্বোচ্চ ইনিংস। আজ ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে আনলেন পাঁচে। এত ওপরে সর্বশেষ মাশরাফি কবে নেমেছেন, খুঁজে পাওয়া কঠিনই! অবশ্য কদিন ধরেই ব্যাট কথা বলছিল মাশরাফির। জিম্বাবুয়ে সিরিজে পুরোনো ব্যাটসম্যান মাশরাফি মাঝেমধ্যেই ঝিলিক দিয়ে যাচ্ছিল। এর পর বিপিএলে ঢাকার বিপক্ষেও করেছিলেন ২৫ রান।
তবে সর্বশেষ কয়েক ম্যাচে ব্যাট যদি কথা বলে মৃদুস্বরে, আজ তা বলল সমস্বরে! একেকটা চার-ছক্কা মেরেছেন, নেচে উঠেছে পুরো গ্যালারি। শ্মশানের নিস্তব্ধতা কেবল ড্রেসিংরুমের পাশের গ্যালারিতে চিটাগং ভাইকিংসের শখানেক দর্শকের মধ্যে!
অবশ্য মাশরাফির ইনিংসে ছিল ভাগ্যের ছোঁয়া। সাঈদ আজমলের বলে লং-অফে আসিফের ক্যাচটা যদিও কঠিনই ছিল। তবে শফিউল ইসলামের বলে লং-অফে চামারা কাপুগেদারা হাতছাড়া করলেন সহজ এক ক্যাচই! এ ক্ষেত্রে ক্রিকেটের চিরায়ত কথাটাই প্রযোজ্য-সবই খেলার অংশ। তাতে মাশরাফির উজ্জ্বল ইনিংসটাতে এতটুকু দাগ পড়ে না।
বিপিএলের প্রথম তিন দিনে এক অভিন্ন দৃশ্যের দেখা মিলল, প্রতিদিন চিটাগং ভাইকিংসের ম্যাচ। কেবল প্রতিপক্ষই বদল হয়েছে এমনিতে প্রস্তুতির খুব একটা সুযোগ মেলেনি, তার ওপর টানা তিন ম্যাচ। সেটিরই কি প্রভাব পড়ল ম্যাচে? তিন ম্যাচে হার দুটিতে। অবশ্য টানা সূচি নিয়ে অভিযোগ করার সুযোগ নেই চট্টগ্রামের। এবারের বিপিএলের সূচিটাই এমন ঠাসা, টানা তিন দিন ম্যাচ খেলতে হবে প্রায় প্রত্যেককেই।
তামিম ইকবাল-তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে ৪৩ বলে ৬৩ রান হওয়ার পরও ১৮ ওভার শেষে চিটাগং ভাইকিংসের রান ছিল ৪ উইকেটে ১৩৮। ১৯তম ওভারই পাল্টে দিল চিটাগংয়ের ইনিংসের চেহারা। আবু হায়দার রনির সেই ওভারে হলো ২৬ রান। এর মধ্যে জিয়াউর রহমান একাই করলেন ২৩! শেষ দিকে জিয়া এমনই ঝড় তুললেন, একপর্যায়ে ব্যাটই ভেঙে গেল! খেললেন ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস।
চট্টগ্রামের ১০ ওভার শেষে ছিল ২ উইকেটে ৮১, নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৭৬। প্রথম ম্যাচে ১৮৭, দ্বিতীয় ম্যাচে ১৮০-এর পর আজ একটু কমই হলো। তামিম-দিলশানের উদ্বোধনী জুটির পর চিটাগংকে লড়াইয়ের পুঁজি দেয় এনামুল-জিয়ার অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ২৯ বলে ৪৫ রানের জুটি। ব্যাটিংয়ে হয়তো আরও কিছু রানের আক্ষেপ থাকতে পারে তবে চিটাগংকে ডুবিয়েছে মূলত বাজে ফিল্ডিং।
তবে মাশরাফি যেদিন নিজের আলোতে উজ্জ্বল, সেদিন পরাজয়ের জন্য প্রতিপক্ষ দল কোনো অজুহাত খুঁজে পায় না।