ব্যাটসম্যান মাশরাফিতে বাংলাদেশের ২৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো

বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে চিনিয়েছিলেন ঝোড়ো এক ফিফটি দিয়ে। শুরুর দিকে মাঝে-মধ্যেই ​ব্যাটে যে ঝলক ছিল, তাতে মাশরাফি বিন মুর্তজার মধ্যে পেস-অলরাউন্ডার হওয়ার প্রতিচ্ছবিই দেখেছিলেন অনেকে। নিজের ব্যাটিংটাকে একেবারে অবহেলায় নষ্ট করেছেন। এ নিয়ে সতীর্থদের মধ্যেই আছে আক্ষেপ। সেই আক্ষেপ আজও বাড়িয়ে দিলেন আজকের ইনিংসটা দিয়ে, আহা, গত ম্যাচেও যদি এমন ব্যাটিংটা করতে পারতেন! তবে শেষ দিকে মাশরাফির ২৯ বলে ৪৪ রানের ইনিংসেই বাংলাদেশ করল ৮ উইকেটে ২৩৮।

এ কালের ক্রিকেটে স্কোরটা ছোট, সন্দেহ নেই। তবে উইকেটের যে চেহারা, তাতে এই রান নিয়েও বাংলাদেশ ভালোই লড়াই করতে পারে। জ্বলে উঠতে হবে বোলারদের। তাতেও নেতৃত্ব দিতে হবে মাশরাফিকেই। ব্যাট হাতে যেভাবে খেলেছেন, তাতে বো​লিংয়ে বাড়তি আত্মবিশ্বাস তো পাবেনই। তবে ১১৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের ​ইনিংসের মেরুদণ্ড হয়ে আছে মাহমুদউল্লাহর ৭৫। ২৬ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলা বাংলাদেশ কখনোই স্বস্তিতে থাকেনি। এ কারণে মোসাদ্দেকের ২৯ আর মুশফিকের ২১-কেও তাই সম​য় বিবেচনায় মনে হচ্ছে বেশ ‘বড়’। অনেক আলোচনা দিয়ে দলে ফেরা নাসির আটে নেমে ২৭ বলে সমান রান করেছেন। মাশরাফির সঙ্গে তাঁর ৬৯ রানের জুটিটাই তবু লড়াইয়ের পুঁজি দিল।

সাত-আট-নয়—এই তিন ব্যাটসম্যান মিলে এনে দিয়েছেন ১০০ রান। যেখানে এক-দুই-তিনের অবদান ২৮!

এই উইকেটে এ স্কোর নিয়ে লড়াই করার আশা যে বাংলাদেশ করতে পারে, সেটি ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখলেও বোঝা যায়। টপ-মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেবল একজনই সাবলীল ব্যাটিং করেছেন। মুশফিক ছাড়া আর কারও স্ট্রাইক রেট ৯০ পেরোয়নি। তামিমের স্ট্রাইক রেট ৪৫.১৬, সাব্বির তো ২১ বল খেলে করলেন ৩, মোসাদ্দেকের ২৯-ও এসেছে ৪৯ বলে। ব্যাটিংয়ে একদমই স্বাচ্ছন্দ্যে ছিল না বাংলাদেশের কেউ। এমনকি পুরো ইনিংসে ৩ ছক্কার সবগুলো মাশরাফির।

মাশরাফিও যে খুব সাবলীলভাবে ব্যাটিং করেছেন, তাও ​নয়। খেলেছেন তাঁর মতো করেই। তবে এই মাশরাফির দেখা আরও নিয়মিত​ মিললে বাংলাদেশ খুশিই হতো। এবার বোলার মাশরাফিকে দেখার অপেক্ষায়। যদিও আজ স্পিনাররাই হয়ে উঠতে পারেন মূল ভরসা। বল হাতে নাসিরও অবজ্ঞার জবাব দিতে চাইবেন​ নিশ্চয়ই। মোসাদ্দেকও স্পিনটা বেশ ভালো করছেন। আর সাকিব তো আছেনই।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (মাহমুদউল্লাহ ৭৫, মাশরাফি ৪৪, মোসাদ্দেক ২৯, নাসির ২৭*, মুশফিক ২১, তামিম ১৪, ইমরুল ১১, সাকিব ৩, সাব্বির ৩; ওকস ২/৪০, বল ২/৪৪, রশিদ ২/৫৩, স্টোকস ১/২২)।