ব্যাটসম্যান মিরাজ দেখা দিলেন দারুণভাবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বিরের হাত থেকে ফসকে গেল ব্যাট। রাজশাহীর ব্যাটসম্যানদের প্রতীকী দশা। ছবি: প্রথম আলো
সাব্বিরের হাত থেকে ফসকে গেল ব্যাট। রাজশাহীর ব্যাটসম্যানদের প্রতীকী দশা। ছবি: প্রথম আলো

ইংল্যান্ড সিরিজে মিরাজকে দেখা গেছে দুর্দান্ত বোলার হিসেবে। বিপিএলেও তাঁকে শুধু বোলার হিসেবেই দেখা যাচ্ছে। একটা প্রশ্ন গত কিছুদিনে ঘুরে-ফিরে এসেছে, ব্যাটসম্যান মিরাজ কোথায়? আজ অবশ্য সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ইংল্যান্ড সিরিজের ‘বিস্ময়-বালক’। চাপের মুখে অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন মেহেদী হাসান মিরাজ।

বিপিএলে আগের ৯ ম্যাচে ৬ ইনিংসে মিরাজের রান ২০। অবশ্য টি-টোয়েন্টিতে অনেক সময় পরিস্থিতির কারণে নিজের প্রিয় ব্যাটিং পজিশনে খেলার সুযোগ হয় না। মিরাজেরও হয়নি। নিজেদের প্রথম ম্যাচে তো তাঁকে নামতে হয়েছে দশ নম্বরে! ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আর পরিস্থিতির কারণেই হয়তো আগের ম্যাচগুলোয় ব্যাটসম্যান মিরাজকে দেখা যায়নি।


রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী কিংসের ব্যাটিং বিপর্যয় আজ সুযোগ করে দিয়েছে মিরাজকে! যখন ব্যাটিংয়ে নেমেছেন ৮.৪ ওভারে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে রাজশাহী। তাঁর সামনেই ফিরে যান দলের অন্যতম ভরসা ও সেট হয়ে যাওয়া সাব্বির রহমান। চ্যালেঞ্জিং স্কোর হবে কী, ৪৩ রানে ৭ উইকেট হারানো রাজশাহীর সামনে তখন অলআউট হওয়ার শঙ্কা! মিরাজ তখন ১ রানে অপরাজিত।

চাপের মুখে যে তিনি অসাধারণ খেলেন সেটিই যেন আরেকবার প্রমাণ করলেন মিরাজ। শুরুর দিকে কোনো বাউন্ডারি মারার ঝুঁকিই নেননি। এক-দুই করে স্ট্রাইক রোটেট করেছেন। প্রথম বাউন্ডারিটা তৃতীয় বলে মারলেও পরেরটির জন্য অপেক্ষা করেছেন ২১ বল। মিরাজ সবচেয়ে আক্রমণাত্মক হয়েছেন রুবেল হোসেনের করা শেষ ওভারে। প্রথমে স্কুপে চার, পরের বলেই
উড়িয়ে মেরেছেন লং অফ দিয়ে। শেষ পর্যন্ত রাজশাহী অলরাউন্ডার অপরাজিত ৩৩ বলে ৪১ রান।

এক প্রান্তে মিরাজ তো আরেক পাশে জ্বলে উঠেছেন ফরহাদ রেজা। ৩২ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসটায় চার-ছক্কা সমান, দুটি করে। মিরাজ-ফরহাদের অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে এসেছে ৮৫ রান। শেষ চার ওভারে ৫০ রান তোলায় রাজশাহীর স্কোরটা ১২৮ হয়েছে। এবার তো বল হাতেও কিছু করে দেখানোর সুযোগ।

রাজশাহীর ব্যাটিং ধসটা হয়ে তাহলে ভালোই হলো!