ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিবীয় বোলারের উল্লাস, হেঁট মাথায় ফেরা শান্তর। ছবি: শামসুল হক
ক্যারিবীয় বোলারের উল্লাস, হেঁট মাথায় ফেরা শান্তর। ছবি: শামসুল হক

এমন ব্যাটিং প্রত্যাশিত ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের কাছে। যুব বিশ্বকাপের মতো বড় আসরের সেমিফাইনালে খেলার উপলক্ষটাই চাপ হয়ে দাঁড়াল বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য! নয়তো, মাঠের লড়াইয়ে নেমে নিজেদের স্বাভাবিক খেলাটাই তাঁরা খেলতে পারবেন না কেন! টসে জিতে ব্যাট করতে নেমে ক্যারিবীয় যুব দলের বোলারদের সামলাতে রীতিমতো গলদঘর্ম অবস্থা তাদের।
কিন্তু বোলিং কি খুব আহামরি? সেটাও বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং নয়, বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছে আসলে নিজেদেরই ব্যাটিং। শুধুমাত্র একটি জুটি ছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল না বলার মতো কিছুই। অথচ ক্রিকেটে জুটিটাই আসল।
স্কোরকার্ডের দিকে একবার চোখ বোলালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশি যুবাদের আত্মহত্যার মিছিলেরই সাক্ষী হয়ে রইল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রায় সব ব্যাটসম্যানই উইকেটে এসে সময় কাটিয়েছেন, সেট হয়েছেন, এরপর আচমকা আউট। আউটের ধরনও চোখে বিঁধেছে। প্রথমে আউট হলেন পিনাক ঘোষ। হোল্ডারের বলটি ছিল অফ স্টাম্পের অনেক বাইরের একটা শর্ট ডেলিভারি। পিনাক তুলে মারতে গিয়ে সোজা ফিল্ডারের হাতে।
সেই শুরু। অপর উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান আউট হয়েছেন লেগ স্টাম্পের ওপর পিচ করা আরও একটি শর্ট বলে। পুল করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লেগে তা স্কয়ার লেগে চলে যায় ফিল্ডার গুলির তালুতে। অল্প রানে পিনাককে হারানোর পর সাইফ তো একটু দেখে-শুনেই ব্যাটটা চালাতে পারতেন।
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান নাজমুল হাসান যেন শুরু থেকেই তাড়াহুড়োয় ভুগছিলেন। প্রথম বলেই রান আউট হননি নিতান্তই ভাগ্যক্রমে। কিন্তু সেই নাজমুলই বলের গতি বিচার না করেই কাভারে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলেন।
বাংলাদেশের ইনিংসে ‘আত্মহত্যা’র সবচেয়ে বড় দুটি উদাহরণ বোধ হয় জয়রাজ শেখ ও জাকির হাসানের আউট দুটি। ৩১ রানের জুটি গড়ে এই দুজনেই বাংলাদেশ দলকে পথ দেখাচ্ছিলেন। জয়রাজ মোটামুটি ঠান্ডা মাথাতেই খেলছিলেন। ব্যক্তিগত ৩৫ রানে অফ স্টাম্পের অনেক বাইরের একটি বল থার্ড ম্যানে ঠেলতে গিয়ে হয়ে গেলেন প্লেড অন! এ ধরনের শট তিনি আজকের ইনিংসেও খেলেছেন বেশ কয়েকটি। জাকির তো ২৪ রানে দাঁড়িয়ে আড়াআড়ি ব্যাট চালালেন। হোল্ডারের বলের লাইন মিস করে বোল্ড।
উইকেট পড়েছে। নতুন জুটি গড়ার চেষ্টা হয়েছে। সেই চেষ্টার ভিত দাঁড়িয়ে যেতেই পতন! গল্পটা পুরো ইনিংসেই একই রকম। সাজঘরে ফেরা চার ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁয়েছেন। সেখান থেকেও ইনিংসটা টেনে নিয়ে যেতে না পারায় ভুগছে দল। ৩৫ করা জয়রাজ আর ২৪ করা জাকিরের আক্ষেপটাই হচ্ছে বেশি। ৩১, ৩০, ২৫ রানের জুটিগুলো আরও বড় হতেই পারত।
আর তা হলে ইনিংসের গল্পটাও অন্যরকম হতো। হয়নি। বরং এমন ব্যাটিং উৎকণ্ঠা বাড়িয়েছে সবার। তবে কী হাত ফসকে যাবে এত বড় সুযোগ। তীরে এসে ডু্ববে ইতিহাস গড়ার তরী!
ভাগ্য ভালো অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সে পথে পা বাড়াননি। সাইফউদ্দিনকে সঙ্গী করে ষষ্ঠ উইকেট জুটিতে ৮৫ রান তুলেছেন মিরাজ। হাত খুলে মারতে গিয়ে ৪৬ তম ওভারের তৃতীয় বলে আউট হন মিরাজ। তার পরের বলেই সাইফউদ্দিনের আউটটাও ছিল দৃষ্টিকটু। ফলে দৃষ্টিসীমায় থাকা ২৪০-এর সম্ভাব্য স্কোরটা আর পায়নি বাংলাদেশ। তবে লড়াই করার পুঁজি তো পেল বাংলাদেশ।