ব্যাটসম্যানদের ইতিবাচক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও খুব গুরুত্বপূর্ণ। আইরিশদের নামই তো হয়ে গেছে ‘জায়ান্ট কিলার!’ ২০০৭ সালে পাকিস্তান সেটি বুঝেছে, গত বিশ্বকাপে বুঝেছে ইংল্যান্ড, এবার ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান অবশ্যই চাইবে গ্রুপে দ্বিতীয় বা তৃতীয় হতে। আমি চাইব গ্রুপে দ্বিতীয় হতে সম্ভব সব চেষ্টা করুক পাকিস্তান, যাতে কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে এড়ানো যায়। কিন্তু এটাও ঠিক, ওটা এখন শুধু আমাদের হাতে নেই। এ জন্যই আয়ারল্যান্ড ম্যাচটিকে একটু বৃহত্তর ভাবনা থেকে নেওয়া উচিত। উমর আকমল ও সোহেব মাকসুদকে ব্যাটিং অর্ডারে ওপরে তুলে আনা উচিত, যাতে উইকেটে সময় কাটাতে পারে। এই দুজন পাকিস্তান ব্যাটিংয়ের ভবিষ্যৎ। কোয়ার্টারেও দলের ওদের প্রয়োজন।
২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরেছি বলে এবার আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভুলে গেলে চলবে না, সেবারের ওই উইকেট ভালো ওয়ানডে উইকেট ছিল না। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সবই ভালো ব্যাটিং উইকেট। পাকিস্তানের সঙ্গে খুব মানিয়ে যায়। উইকেট যদি সবুজ বা স্যাঁতসেঁতে থাকত, সে ক্ষেত্রে হয়তো আইরিশ বোলাররা বিপাকে ফেলতে পারত আমাদের। অ্যাডিলেডের উইকেটে ওদের খেলতে আমাদের ব্যাটসম্যানদের সমস্যা হবে বলে মনে হয় না। ওদের সবই তো স্রেফ মিডিয়াম পেসার। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আমাদের ছেলেদের আত্মবিশ্বাসও আকাশছোঁয়া।
আমি মনে করি, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান এখন সঠিক পথে ফিরেছে। কেবল চারটি ম্যাচের ব্যাপার এখন, প্রতিটি দিন ধরে, প্রতিটি ম্যাচ ভেবে এগোতে হবে। গ্রুপ পর্বের পারফরম্যান্সের কোনো প্রভাব নকআউটে থাকবে না। অজেয় থেকে নকআউটে এলেও এখানে সব দলই সমান চাপে থাকবে।
পরিসংখ্যান আর সামর্থ্য ভাবলে আইরিশদের হারাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় পাকিস্তানের। তবে পাকিস্তানি ব্যাটসম্যানদের ইতিবাচক খেলতে হবে। ইতিবাচক বলতে কী বোঝাচ্ছি? জায়গামতো বল পেলে মারতে হবে। পাকিস্তানের ব্যাটিং এখন পর্যন্ত মনে হয়েছে দ্বিধান্বিত। এ থেকে বেরিয়ে আসতে হবে ব্যাটসম্যানদের।
ওয়েস্ট ইন্ডিজ যেহেতু শেষ ম্যাচে আরব আমিরাতকে পাচ্ছে, সব হিসাব-নিকাশ মিটিয়ে ওরা কোয়ার্টারে চলে যাবে বলেই মনে হচ্ছে। তবে সত্যি বলতে, আয়ারল্যান্ডকে শেষ আটে দেখলেই আমি বেশি খুশি হব। ক্রিকেটের জন্যই সেটি ভালো হবে। আমার শুধু মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ একটা দল হিসেবে খেলছে না। অন্তত বাইরে থেকে দেখে মনে হচ্ছে না।
লম্বা একটি টুর্নামেন্ট এটি। তবে নকআউটের উত্তেজনা শুরু হচ্ছে, এখন টুর্নামেন্ট আরও প্রাণবন্ত হবে। এখন থেকে গোটা বিশ্ব আর নজর সরানোর সুযোগ পাবে না। (টিসিএম)