ব্যাটসম্যানদের জন্য তাইজুলের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যানদের জন্য সতর্কবার্তা পাঠাচ্ছেন তাইজুল। ছবি: প্রথম আলো
ব্যাটসম্যানদের জন্য সতর্কবার্তা পাঠাচ্ছেন তাইজুল। ছবি: প্রথম আলো
>
  • অবশেষে উইকেটের সাহায্য পাচ্ছেন স্পিনাররা
  •  শেষ বিকেলে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ

এমন দিনে সংবাদ সম্মেলনে আসা খুব কঠিন। মাঠের ক্লান্তির চেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া যে এমন দিনে বড় বোঝা! প্রায় ৬৮ ওভার বল করে ২১৯ রান দেওয়ার রেকর্ডের কারণে হোক কিংবা ৪ উইকেট পাওয়ার কারণেই হোক, আজ প্রশ্নবাণে জর্জরিত হওয়ার দুর্ভাগ্যটা তাইজুল ইসলামের হয়েছে। সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়েই বাঁহাতি স্পিনার স্বীকার করে নিলেন, বাংলাদেশের দিনটা আজ বেশ খারাপ কেটেছে।
২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে ৮১ রান তোলা হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো, এ কটা রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। চাইলে তিন ব্যাটসম্যানের আউট নিয়েই প্রশ্ন তোলা যায়। তাইজুল নিজেও ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে ভুল দেখছেন। তিন উইকেট হারানোয় দলের যে ক্ষতি হয়েছে, সেটাও মেনে নিচ্ছেন, ‘ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, তখন খারাপ বলে রান করতেই চায়। ওরা (শ্রীলঙ্কা) যখন খারাপ বল করেছে, রান হয়েছে। আবার ওরা ভালো বোলিংও করেছে। আমার কাছে মনে হয়, আজ যদি একটা উইকেট থাকত, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট বেশি হয়ে গেছে।’
এটা তো ব্যাটসম্যানদের দায়। বোলাররাও কি দায় এড়াতে পারবেন? আজ শেষ সেশনে পড়েছে পাঁচ উইকেট। অথচ সেই উইকেটেই দুই দিনের বেশি বল করেও শ্রীলঙ্কাকে অলআউট করা গেল না! তাইজুলও মানছেন এই ব্যর্থতা, ‘এটা সত্যি যে, ব্যাটিং উইকেট ছিল। তবে এটাও সত্য আমরা প্রত্যাশিত মাত্রার বোলিং করতে পারিনি। আমার মনে হয় অন্তত ১০০ রান বেশি দিয়ে ফেলছি।’
কাল ৭ উইকেটে ৯০ ওভার পার করতে হবে বাংলাদেশকে। সাকিববিহীন লাইনআপের জন্য কাজটা কঠিন। তাইজুল ব্যাটসম্যানদের জন্য সতর্কবার্তাই দিচ্ছেন। উইকেট নাকি অবশেষে স্পিনারদের কথা শুনছে, ‘উইকেট একই রকম ছিল না, আজ একটু অন্য রকম ছিল। আজ চতুর্থ দিন ছিল। যত দিন যাবে, উইকেটের তত খারাপ হতেই থাকবে। কালকের তুলনায় আজ বেশি সাহায্য পেয়েছি।’