
দিনের শুরুতে উইকেটে এসেছিলেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ডিন এলগার ও হাশিম আমলা। নাগপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেও অপরাজিত থেকে মাঠ ছাড়লেন এই দুজন। ব্যবধান হলো, দিনের শুরুতে দুই দক্ষিণ আফ্রিকান ব্যাট করছিলেন প্রথম ইনিংসে, আর শেষে অপরাজিত দলের দ্বিতীয় ইনিংসে! মাঝের সময়টায় বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধূলি ওড়ানো পিচে উইকেট পড়েছে ২০টি।
২০ উইকেটের অর্ধেকই গেছে ভারতীয় বোলারদের (পড়ুন স্পিনার) পকেটে, বাকি অর্ধেক দক্ষিণ আফ্রিকানদের। কিন্তু দিন শেষে বিরাট কোহলির দল যেখানে মাঠ ছাড়ল হাসিমুখে, আমলাদের মুখে রাজ্যের অন্ধকার। জিততে হলে করতে হবে ৩১০ রান, স্পিনজালে হাঁসফাঁস করা প্রোটিয়াদের কাছে দুর্লঙ্ঘ্য এক লক্ষ্য। হাতে আছে পুরো তিন দিন, কিন্তু এরই মধ্যে পড়ে গেছে ২ উইকেট। নাগপুর টেস্ট জিতে সিরিজে সমতা আনতে অসম্ভবকেই সম্ভব করতে হবে প্রথম ইনিংসে ৭৯ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকাকে।
প্রথম ইনিংসে মাত্র ৩৩.১ ওভার টিকেছে প্রোটিয়াদের ইনিংস। ভারতীয়দের কখনোই ৩২ বলের বেশি অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য। দক্ষিণ আফ্রিকানদের ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান জেপি ডুমিনির, সেটাও বিরাট কোহলি ক্যাচ না ছাড়লে এত বড় হয় না।
২ উইকেটে ১১ রানে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার রানটা ১২ না-পেরোতেই নেই আরও ৩ উইকেট। ১২ রানেই ৫ উইকেট হারানো দলটির সামনে তখন নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে (৩০) অলআউট হওয়ার শঙ্কা। ডুমিনির ব্যাটে শঙ্কাটা দূর হয়েছে, কিন্তু ভারতের বিপক্ষে যেকোনো দলের সর্বনিম্ন রানের রেকর্ডটা গড়েছে তারাই। লাঞ্চের আগেই শেষ প্রথম ইনিংস, প্রোটিয়া ইনিংসের প্রথম উইকেটের মতো শেষটিও নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত টানা ১৬.১ ওভার বোলিং করে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।
মরনে মরকেলের ৩ উইকেট বাদ দিলে ভারতের দ্বিতীয় ইনিংসেও স্পিনারদেরই দাপট ছিল। শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারা চেষ্টা করেছেন। কিন্তু এই দুজন আউট হতেই ভেঙে পড়েছে ভারত। ৯৭ থেকে ১৭৩—এই ৭৬ রানেই পড়েছে তাদের শেষ ৮ উইকেট। এএফপি, ক্রিকইনফো।
>* দক্ষিণ আফ্রিকা ৭৯, ভারতের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন। এর আগে ১৯৯০-৯১ মৌসুমে শ্রীলঙ্কাকে ৮২ রানে অলআউট করেছিল ভারতীয়রা।
* ১২ রানেই পড়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে প্রথম ৫ উইকেট। এর আগে সর্বনিম্ন ১৪ রানে প্রথম ৫ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা।
* ভারতের মাটিতে দ্বিতীয়বার এক দিনে সর্বোচ্চ ২০ উইকেট পড়ল।
* প্রথম দুই দিনে পড়েছে ৩২ উইকেট। ভারতের মাটিতে এটাও রেকর্ড। ১৯৫২ সালে কানপুরে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দুই দিনে পড়েছিল ২৭ উইকেট।