ব্যাটসম্যানদের মনোভাবে সমস্যা দেখছেন না ডমিঙ্গো

সাকিব আল হাসান ফিরেছেন কোনো রান না করেইছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। আগের বলে এজাজ প্যাটেলকে জোরের ওপর খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন মেহেদী হাসান, বাংলাদেশের চাপ বেড়েছে আরেকটু। তবে সাকিব সে চাপ কমাতে চাইলেন আক্রমণ করেই। সে বলটা অবশ্য মিস করে গেলেন, গায়ে লাগল বলে স্টাম্পিংয়ের হাত থেকে বাঁচলেন। পরের বলটা লেগসাইডে ওয়াইড। এরপর আবারও ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন সাকিব, এবার ব্যাটে লাগাতে পারলেন। তবে টাইমিংটা ঠিকঠাক হলো না। লং-অনে ধরা পড়লেন।

সাকিব নেমেছিলেন মেহেদীকে তিনে নামানোর টোটকা ব্যর্থ হওয়ার পর। সে সময় ৯৯ বলে ১০৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের, রান-রেটের হিসাব করলে বাংলাদেশ পিছিয়ে ছিল না খুব একটা। তবে সাকিবের উইকেট চাপ বাড়িয়ে দিল আরও, বিনা উইকেটে ২৩ রান থেকে ২৫ রানে ৩ উইকেট পরিণত হলো দল। বাংলাদেশ ইনিংসে ধসের শুরুটা হয়েছিল মূলত লিটন দাসের উইকেট দিয়েই। দুবার সুইপ করে চার মারার পর আবারও স্লগের চেষ্টা ব্যর্থ হয়েছিল লিটনের।

আউট হয়ে ফিরছেন লিটন দাস
ছবি: প্রথম আলো

অন্যদিকে মুশফিকুর রহিম আবার ছিলেন অতি সতর্ক, ৩৭ বল খেলেও কোনো বাউন্ডারি পাননি তিনি। সাকিব বা লিটন বা পরে মুশফিকের ওপর চাইলেই পরিস্থিতির দাবি মেটানোর ব্যর্থতার দায় চাপানো যায়। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য ৭৬ রানে অলআউট হওয়ার পরও বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচের কোনো দায় দেখছেন না।

ডমিঙ্গো বলছেন, শুরুতেই রানরেট বাড়তে দিতে চাননি তাঁরা। তবে টানা উইকেট হারানোটাই কাল হয়েছে বলে ম্যাচের পর বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন তিনি, ‘আমার মনে হয় না ব্যাটিং অ্যাপ্রোচে কোনো সমস্যা ছিল। আমরা প্রয়োজনীয় রানরেটের চেয়ে এগিয়ে থাকতে চেয়েছিলাম। কারণ, পিছিয়ে পড়লেই পরে কাজটা কঠিন হয়ে যায়। আমরা তাই ভালো, ইতিবাচক শুরু করতে চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে এবং পরে গুচ্ছাকারে উইকেট হারিয়েছি। নতুন ব্যাটসম্যানের জন্য এসেই শট খেলা কঠিন। আমার মনে হয় এটাই ঘটেছে। ভালো শুরু করেছি, ২ ওভারে ২০ (১৫) রান হয়েছে, তবে পরের ৪-৫ ওভারে আরও ৪-৫টি উইকেট হারিয়েছি। এটাই অনেকটা পিছিয়ে দিয়েছে আমাদের।’

টি–টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে কোচ রাসেল ডমিঙ্গো
ফাইল ছবি: প্রথম আলো

এদিন নিউজিল্যান্ড বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলেছে বলে মনে করেন ডমিঙ্গো। খেলার ধরনটাই এমন, সেটাও মনে করিয়ে দিয়ে তাই সফরকারীদেরই কৃতিত্ব দিয়েছেন তিনি। অবশ্য উইকেটটা যেমন হবে ভেবেছিলেন, হয়নি সেটাও। দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, ফ্লাডলাইটের নিচে ব্যাট করা তুলনামূলক সহজ হয়েছিল নিউজিল্যান্ডের জন্য। এদিন তেমনটা হয়নি, বলছেন ডমিঙ্গো, ‘এটা মোটামুটি গড়পড়তা স্কোরই ছিল। (তবে) আমরা আশা করেছিলাম আগের দিনের মতো আজও (সন্ধ্যায় ব্যাটিংয়ের সময়) বল একটু স্কিড করবে। তবে উইকেট ভালো হয়নি, হয়তো খারাপই হয়েছে পরে। তবে যখন ২ ওভারে ২০ রান, আর ১১০ রান প্রয়োজন, সেখান থেকে যেভাবে শেষ হয়েছে ম্যাচটা—তাতে আমি হতাশ।’

আপাতত আজ কী ঘটল, সেটা নিয়ে আর ভাবতে চান না বাংলাদেশের প্রধান কোচ। ঘরের মাটিতে সর্বনিম্ন রানে অলআউট হয়ে যাওয়ার পরও ইতিবাচক দিক খুঁজতে চান তিনি। সাম্প্রতিক সময়ের যে পারফরম্যান্স, তাতে এমন একটা দিনের পর কাউকে দোষ দিতে চান না ডমিঙ্গো। আর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেছেন, এ উইকেটে প্রতিপক্ষকে ১৩০ রানের নিচে আটকে দেওয়াটাই কৃতিত্ব বোলারদের।