ব্যাটসম্যানরাই এগিয়েছেন বেশি
হাশিম আমলা, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ইয়ান বেল—গত সপ্তাহটা দারুণ কেটেছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের এই তিন ব্যাটসম্যানের। সেঞ্চুরি পেয়েছেন তিনজনই। ভালো ব্যাটিংয়ের স্বীকৃতিও পেয়ে গেছেন এঁরা। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে আমলা ফিরেছেন শীর্ষ তিনে। লঙ্কান অধিনায়ক ম্যাথুস উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ষষ্ঠ স্থানে। বেলও ঢুকেছেন শীর্ষ বিশে।
কলম্বো টেস্টে অপরাজিত ১৩৯ ও ২৫ রান দক্ষিণ আফ্রিকাকে শুধু টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দল বানাতে সাহায্যই করেনি, আমলাকে ৩৪টি রেটিং পয়েন্টও দিয়েছে। আর এতেই ডেভিড ওয়ার্নার ও শিবনারায়ণ চন্দরপলকে পেছনে ফেলে তিনে উঠেছেন প্রোটিয়া টেস্ট অধিনায়ক। সতীর্থ এবি ডি ভিলিয়ার্স (১ম) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাই শুধু আমলার ওপরে। কলম্বো টেস্টে ১৬৫ রান করে চার ধাপ এগিয়েছেন মাহেলা জয়াবর্ধনে (১৪তম)। সাউদাম্পটনের পারফরম্যান্স বেলকে (১৯) এগিয়ে দিয়েছে পাঁচ ধাপ, সাত ধাপ এগিয়ে কুক উঠেছেন ২২ নম্বরে, গ্যারি ব্যালান্স উঠেছেন ক্যারিয়ার-সেরা ৩১তম স্থানে।
বোলিংয়ের প্রথম ছয়টি স্থানই অপরিবর্তিত। শীর্ষে যথারীতি দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। সাউদাম্পটন টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা জেমস অ্যান্ডারসন এক ধাপ এগিয়ে উঠেছেন সাতে। আটে সাত ধাপ এগিয়ে আসা রঙ্গনা হেরাথ।
কোনো পরিবর্তন নেই অলরাউন্ডার তালিকার প্রথম পাঁচে। শীর্ষে ভারনন ফিল্যান্ডার, তবে বাংলাদেশের ‘নিষিদ্ধ’ সাকিব আল হাসান মাত্র ১ পয়েন্টের ব্যবধানে আছেন দুইয়ে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের সেরা সাকিব। ব্যাটিংয়ে ৩২ আর বোলিংয়ে ১৮তম স্থানে এই অলরাউন্ডার। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।
টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা ৫
ব্যাটসম্যান
১ (-) এবি ডি ভিলিয়ার্স ৮৯৯
২ (-) কুমার সাঙ্গাকারা ৮৮৯
৩ (+২) হাশিম আমলা ৮৭৮
৪ (-১) ডেভিড ওয়ার্নার ৮৭১
৫ (-১) শিব চন্দরপল ৮৫৪
বোলার
১ (-) ডেল স্টেইন ৯০৩
২ (-) রায়ান হ্যারিস ৮৭০
৩ (-) মিচেল জনসন ৮৪৪
৪ (-) ভারনন ফিল্যান্ডার ৮১৩
৫ (-) সাঈদ আজমল ৭৮৭
অলরাউন্ডার
১ (-) ভারনন ফিল্যান্ডার ৩৬৫
২ (-) সাকিব আল হাসান ৩৬৪
৩ (-) রবিচন্দ্রন অশ্বিন ৩৫১
৪ (-) মিচেল জনসন ২৮০
৫ (-) স্টুয়ার্ট ব্রড ২৬৫