ব্যাটসম্যানের সেঞ্চুরির 'লোভে'ই সর্বনাশ ভারতের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একের পর এক সেঞ্চুরি, কিন্তু বৃথা যাচ্ছে সবই! ছবি: এএফপি
একের পর এক সেঞ্চুরি, কিন্তু বৃথা যাচ্ছে সবই! ছবি: এএফপি

২০১২ এশিয়া কাপে ভারত ম্যাচের আগে মাশরাফি মুর্তজার কথাটি মনে আছে? ‘টেন্ডুলকার করুক না শততম সেঞ্চুরি, ম্যাচ জিতলেই তো হলো।’ কে জানে স্টিভেন স্মিথও সেই পথেই এগোচ্ছেন কি না। সিরিজের প্রথম ম্যাচের পরই বোধ হয় দলকে বলে দিয়েছেন, ‘আহা করুক না এ রকম দু-চারটা সেঞ্চুরি, আমরা জিতলেই হলো!’ 

অস্ট্রেলিয়ায় হেরেই চলেছে ভারত। টানা তিন ম্যাচ হেরে সিরিজও খুইয়ে বসেছে ইতিমধ্যে। সিরিজের প্রতিটি ম্যাচেই রানের পাহাড় গড়েও হারতে হয়েছে ভারতকে। এ জন্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর বোলারদেরই দুষছেন। কিন্তু ভারতেই অনেকে বলছেন, দোষ ব্যাটসম্যানদের। নিজেদের মাইলফলকের কথা ভাবতে গিয়ে নাকি দলকে ডোবাচ্ছেন তাঁরা।
প্রথমে শুনে হেসেই উড়িয়ে দেওয়ার কথা, আরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তো যা খেলার ভারতের ব্যাটসম্যানরাই খেলছেন। তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি, পাঁচটি ফিফটিও। দুই ম্যাচেই তিন শ পার করা স্কোর। তৃতীয় ম্যাচেও তিন শ ছুঁই ছুঁই রান। কিন্তু তিনটি ম্যাচই বেশ আয়েশ করে জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজের কোনো ম্যাচেই মনে হয়নি অস্ট্রেলিয়া হারতে পারে। দোষ তো বোলারদেরই দেবেন ধোনি। কিন্তু প্রতিটি ম্যাচের স্কোরবোর্ডের দিকে তাকালেই বোঝা যাচ্ছে, দোষ ব্যাটসম্যানদেরও কম নয়।
প্রথম ম্যাচে রোহিত শর্মা ১৭১ রান করে অস্ট্রেলিয়ার মাটিতে অতিথি ব্যাটসম্যানদের রেকর্ড ভেঙেছেন। বিরাট কোহলিও করেছেন ৯১। কিন্তু দুজন মিলে রান তুলেছেন বেশ শ্লথ গতিতে। সেদিন ভারত ২০০ রান করেছিল ৩৯তম ওভারে। শেষ ১০ ওভারে ঝড় তুলেও তাই রানটি ৩০৯ এর বেশি করা যায়নি। আর অস্ট্রেলিয়ায় ২০০ ছুঁয়েছে মাত্র ৩৩ ওভারে। ফলে শেষ দিকে বেশ কয়েকটি উইকেট পরলেও ধীরে সুস্থেই ম্যাচ জিতে নিয়েছে তারা।
দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন রোহিত। ফিফটি পেয়েছেন কোহলি ও রাহানে। কিন্তু এই তিনজনের বীরত্বে ৪২.১ ওভারে ২৫০ করে ফেলেছিল ভারত। কিন্তু আসল সময়ে আর রান বাড়াতে পারেননি তারা। ভারত আটকে যায় ৩০৮-এ। অস্ট্রেলিয়া এই রান ধীরে সুস্থেই পার করে ফেলে ৭ উইকেট হাতে রেখেই।
তৃতীয় ম্যাচেও একই দৃশ্য। কোহলির সেঞ্চুরি ও রাহানে-ধাওয়ানের ফিফটিতে ২৯৫ রান করে ভারত। কিন্তু দুই শ করতেই ৩৯.২ ওভার লেগে গেল তাদের। ওখানেই তো ম্যাচ হেরে গেল ভারত। কারণ, অস্ট্রেলিয়া কিন্তু তাদের ইনিংসে ২০০ করে ফেলেছে ৩৫ ওভারের মধ্যেই।
প্রতিটি ম্যাচেই ভারতীয় ব্যাটসম্যানরা ইনিংসের মাঝপথে এসে রান তোলার গতি কমিয়ে দিয়েছেন। ওই সময়েই যে সবাই ব্যক্তিগত মাইলফলকের কাছাকাছি চলে গিয়েছিলেন। সেঞ্চুরি কিংবা পঞ্চাশের কাছাকাছি থাকায় একটু সাবধানী হয়ে খেলেছেন তাঁরা। আর যার ফল ভোগ করতে হয়েছে দলকে।
গত ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েলও এই নিয়ে খোঁচা দিতেও ছাড়লেন না, ‘তারা সম্ভবত মাইলফলকের কথা চিন্তা করে খেলে। এ রকম অনেকেই আছে যারা ব্যক্তিগত অর্জনকে লক্ষ্য বানিয়ে খেলে। যাদের কাছে এটাই সব, তাদের সেটা অর্জন করাই উচিত। তবে আমি এসব পরোয়া করি না। যে যেটাকে প্রাধান্য দেয়!’
ধোনি অবশ্য এখনো নিজের মতেই অটল। ব্যাটসম্যানরা কি খুব স্বার্থপর হয়ে খেলছেন? উত্তরে ধোনি বললেন, ‘না, অবশ্যই না। আমার তা মনে হয় না। বিস্তারিত জিজ্ঞেস করে লাভ নেই, পরিসংখ্যান তো আপনাদের (সাংবাদিক) কাছেই আছে।’