ব্যাটিং অনুশীলনে সন্তুষ্ট মঈন
প্রস্তুতি ম্যাচের ধকল কালও অনুভব করল ইংল্যান্ড দল। ফতুল্লার ম্যাচের পর কাল আর অনুশীলনে যাওয়ার আগ্রহ পেলেন না কেউ। অধিনায়ক জস বাটলারসহ কয়েকজন কুর্মিটোলায় গলফ খেলতে গেলেন। তবে অলরাউন্ডার মঈন আলী ছিলেন হোটেলেই। প্রস্তুতি ম্যাচে বোলিংটা মনমতো না হলেও দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। কাল হোটেলে ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে নিজের পারফরম্যান্স ও সিরিজ নিয়ে আশার কথাই বললেন মঈন।
বাংলাদেশে আসার পর থেকেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলছেন ইংলিশ ক্রিকেটাররা। পরশু অবশ্য মঈনের ব্যাটিং দেখে মনে হয়নি মানিয়ে নেওয়াটা খুব বড় চ্যালেঞ্জ। তবু মঈনের ধারণা ব্যাটিং প্র্যাকটিসটার দরকার ছিল তাঁর, ‘উইকেটে কিছু সময় কাটানো ও স্পিনারদের খেলা দরকার ছিল। নেটের তুলনায় ম্যাচের উইকেট অনেক ভিন্ন ছিল।’
উইকেটের সঙ্গে ধাতস্থ হলেও গরমের সঙ্গে এখনো পুরোপুরি মানাতে পারেননি মঈন। ফতুল্লায় ইংল্যান্ডের খেলোয়াড়দের শরীরী ভাষায় বেশ ভালোভাবেই বোঝা গেছে গরম কতটা কাবু করছে তাঁদের। মঈনের ভাষায়, ‘আমাদের আগে বোলিং করা দরকার ছিল। আমাদের এর সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। ব্যাট করার আগে তো আমি ঘুমিয়েই গিয়েছিলাম! কঠিন একটা দিন ছিল, বিশেষ করে পেসারদের জন্য। কয়েকজনের শরীরে এখনো ব্যথা হচ্ছে।’
মঈন চান, পুরো সিরিজেই আগে বোলিং করুক ইংল্যান্ড। যুক্তিটা স্পষ্ট। পরে ব্যাটিং করাটাই সুবিধাজনক মনে হয় তাঁর কাছে, ‘ফ্লাড লাইটে ব্যাটিং করাটা অনেক সহজ মনে হয়েছে। পুরো সিরিজেই তা-ই হবে মনে হচ্ছে।’