ব্যাটিং আর ফিল্ডিংয়ের ভুলেই পাঁচ বছর পর এমন হার

মুজারাবানির বলে আউট হয়ে ফিরছেন সৌম্য সরকারছবি: জিম্বাবুয়ে ক্রিকেট টুইটার একাউন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বলে বাংলাদেশের দরকার ছিল ৪১ রান। হাতে মাত্র ৩ উইকেট। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৬৭ রানের লক্ষ্যের কাছে যেতে উইকেটে থিতু একমাত্র ব্যাটসম্যান আফিফ হোসেনের ব্যাট থেকে অন্তত ১৫ রানের একটি ওভার দরকার ছিল।

টেন্ডাই চাতারার ১৮তম ওভারকেই আফিফ বেছে নেন চার-ছক্কায় রান বাড়ানোর জন্য। কিন্তু দুর্ভাগ্য, ওভারের প্রথম বল ওয়াইড হলেও দ্বিতীয় বলে আফিফের পুল শট থামে ফাইন লেগ বাউন্ডারিতে থাকা ফিল্ডারের হাতে।

আফিফের আউটের ধরন দেখে ধারাভাষ্যকার উঁচু গলায় বললেন, ‘সারা দিন এটাই হয়েছে। যখনই বাংলাদেশিরা বড় শট খেলেছে, সেটা ফিল্ডারের হাতে গেছে।’

আসলেই তা-ই। বাংলাদেশ ইনিংসে একমাত্র ওপেনার মোহাম্মদ নাঈম বাদে প্রত্যেকেই আউট হয়েছেন ক্যাচ তুলে। এভাবেই ১৯.৫ ওভারের দৃষ্টিকটু ব্যাটিংয়ের পর বাংলাদেশ ইনিংস থামে ১৪৩ রানে।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ হেরেছে ২৩ রানে। ২০১৬ সালের পর আজই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি হারল বাংলাদেশ।

সাকিবকে ফিরিয়ে মাসাকাদজার উল্লাস। বাংলাদেশের মিডল অর্ডার ভেঙে দিয়েছেন তিনি।
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট টুইটার একাউন্ট

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সে কোনো খুঁত ছিল না বললেই চলে। আজ ছিল পুরো উল্টো।

প্রথম ম্যাচে সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটি থেকেই এসেছে এক শ রান। আজ ১৪ রানেই আগের ম্যাচে অপরাজিত থাকা নাঈমকে হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বল স্টাম্পে টেনে এনে বোল্ড হন তিনি। একই ওভারে আরেক ওপেনার সৌম্যকে হারায় বাংলাদেশ। জায়গা বানিয়ে অফ সাইডে খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন তিনি।

১৭ রানে ২ ওপেনারকে হারালেও পাওয়ার প্লে শেষে বাংলাদেশ খুব একটা খারাপ অবস্থানে ছিল না। মেহেদী হাসান ও সাকিব আল হাসান ছোট্ট জুটি গড়ে ৬ ওভারে ২ উইকেটে ৪২ রানে নিয়ে যান বাংলাদেশকে, ১৬৭ রান তাড়ার জন্য যা যথেষ্ট ভালো ভিত।

জিম্বাবুয়ের উইকেটের উল্লাসে বাংলাদেশের ব্যাটসম্যানদের 'অবদান'ও কম নয়!
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট টুইটার একাউন্ট

কিন্তু গল্পটা বদলে যায় মাঝের ওভারে। ওয়েলিংটন মাসাকাদজার নিরীহ বাঁহাতি স্পিন পেয়ে যেন কি হয়ে গেল বাংলাদেশি ব্যাটসম্যানদের! জিম্বাবুয়ের এই বোলারকে চার-ছক্কায় ওড়ানোর চেষ্টায় একে একে আউট হন সাকিব (১২ রান), মাহমুদউল্লাহ (৪ রান) ও মেহেদী (১৫ রান)।

৭ রানের ব্যবধানে এই তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। নুরুল হোসেন ক্রিজে এসে ইতিবাচক ব্যাটিংয়ের চেষ্টা করেন। কিন্তু তিনিও ইনিংস লম্বা করতে পারেনি, আউট হন ৯ রান করে।

ক্রিজে থেকে ম্যাচের ধারা বদলানোর চেষ্টা করেন আফিফ হোসেন ও অভিষিক্ত শামীম হোসেন। দুই তরুণের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪২ রানের ঝোড়ো জুটি। যার সিংহভাগ এসেছে শামীমের ব্যাট থেকে। ১৩ বলে ২৯ রান করে বাংলাদেশের জয়ের আশা দেখান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম।

কিন্তু বাকি ব্যাটসম্যানদের মতো তিনিও ছক্কা মারার চেষ্টায় ধরা পড়েন জিম্বাবুয়ে ফিল্ডারের হাতে, ক্যাচ আউট হন লুক জঙ্গুয়ের অফ স্টাম্পের বাইরের বল টেনে লেগ সাইডে খেলতে গিয়ে।

সাকিবরা আজ বোলিংয়েও তেমন আলো ছড়াতে পারেননি।
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট টুইটার একাউন্ট

আফিফ ও সাইফউদ্দিন মিলে বাকি পথটা পাড়ি দিতে পারেনি। দরকারি রান রেটের চাপে খেই হারিয়ে আউট হন দুজনই। শেষ পর্যন্ত ইনিংসের ১ বল বাকি থাকতে বাংলাদেশ অলআউট হয় ১৪৩ রানে।

শুধু যে ব্যাটিংয়ের ভুলেই বাংলাদেশ হেরেছে, তা কিন্তু নয়। টস হেরে বোলিং করতে নেমে বাংলাদেশি ফিল্ডাররা প্রায় ২০ রান দিয়েছেন নিজেদের ভুলে। মিস ফিল্ড, ক্যাচ হাতছাড়া, ফিল্ডিংয়ে সমন্বয়হীনতা - সবই দেখা গেছে বাংলাদেশের ফিল্ডিংয়ে। যার সুবিধাটা নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।

ওপেনিংয়ে নামা ওয়েসলি মাধেভেরের ৫৭ বলে ৭৩ রান জিম্বাবুয়ের ইনিংসের পথ এঁকে দিয়েছে। অন্য পাশ থেকে এসেছে ছোট ছোট ইনিংস, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডেথ ওভারে রায়ান বার্লের ১৯ বলে ৩৪ রানের ইনিংসটি। দুজনের ব্যাটিংয়েই স্বাগতিকরা পায় ১৬৬ রানের পুঁজি।

৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ছিলেন বাংলাদেশ দলের সেরা বোলার।