ব্যাটিং উইকেটেই ফাইনাল!

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপের মূল পর্ব। বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শেষ হচ্ছে। আগের দেখায় ম্যাচের উইকেট বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবারও আগ্রহের কেন্দ্র মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট। তবে প্রথম ম্যাচের মতো উইকেটে এবার তেমন ঘাস নেই। ব্যাটিং উইকেটেই হবে খেলা।
একেবারে ন্যাড়া নয়, হালকা ঘাস আছে উইকেটে। তবে প্রথম ম্যাচের মতো একেবারেই সবুজ উইকেটে খেলা হচ্ছে না এবার। সবুজ উইকেট আর চার পেসারকে শক্তি করে বাংলাদেশ আবারও সবুজ উইকেটের দিকেই ঝুঁকবে বলে শোনা যাচ্ছিল। প্রেসবক্স থেকে উইকেট দেখে তাই একটু অবাকই হতে দেখা গেল অনেককে। শুরুতে আশিস নেহরা আর জসপ্রীত বুমরা যেন বাড়তি সুবিধা না পায়, এই পরিকল্পনা থেকেই এমন উইকেট নাকি চেয়েছেন কোচ হাথুরুসিংহে। এমনটাই জানা গেল খোঁজ নিয়ে।
প্রথম ম্যাচে ভারত শেষ পর্যন্ত তাদের ব্যাটিং শক্তিতে ভর করেই জিতেছিল। কিন্তু সেবার বাংলাদেশের পেসাররা কিন্তু শুরুটা করেছিলেন দুর্দান্ত। ১০ ওভার পর্যন্ত ভারত ছিল কোণঠাসা। ইনিংসের অর্ধেকটা পেরিয়েও ওভার পিছু রান ছিল ছয়ের নিচে। যদিও ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া রোহিত শর্মা পরে ম্যাচের রংটাই বদলে দেন।
ওই ম্যাচে ভারতের পেসারদের খেলতেও বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। নেহরা-বুমরা ছাড়াও পেসার-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও উইকেটের ভালো সুবিধা নিয়েছিলেন। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাকে খেলতে সমস্যাই হয়নি। তা ছাড়া আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়ে ভুবনেশ্বর কুমারও দুর্দান্ত বোলিং করেছেন।
বাংলাদেশ তাই স্পোর্টিং উইকেটই চেয়েছে। স্লো উইকেট না হলেও এই উইকেটে সাকিব আল হাসানের মতো স্পিনাররাও সুবিধা পাবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব খেলবেন বলেই শোনা যাচ্ছে। গতকাল অনুশীলনে পুরোনো চোটটা আবার বেড়েছিল সাকিবের। বাংলাদেশ তাই খুব সম্ভবত চার পেসার খেলাচ্ছে না। তিন পেসারই হয়তো শানাবেন আক্রমণ।
আজ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি হয়েছে। ঢাকাতেও বৃষ্টি হবে না, জোর দিয়ে বলা যায় না। সবুজ উইকেট আর ভেজা কন্ডিশন--পেস দিয়ে ভারতকে কাঁপিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হতো সেটি। তবে শেষ পর্যন্ত দুই দলের ব্যাটিংয়ের লড়াইটাই হবে আজ। প্রথম ম্যাচটি না খেলা তামিম এবার দলে যুক্ত হয়েছেন। ভারতকেই যিনি ‘ভালোবাসেন’ বেশ।
দেখা যাক!