ব্যাটিং করতে করতে অনুশীলনে বাংলাদেশ

কলম্বো-গল মহাসড়কের গা ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এটির পূর্ব দিকের বৃত্তাকার সড়ক লাগোয়া ইনডোরের নেট। খেলা শুরুর আধা ঘণ্টা আগে ওই রাস্তা দিয়ে হেঁটে স্টেডিয়ামে আসার সময়ই চোখে পড়ল একটি ছোট শরীর। নেটে ব্যাটিং অনুশীলন চলছে। বোলার বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা। ব্যাটসম্যানের নাম মুমিনুল হক!
আগের দিন পেছনে সরে গিয়ে জোড়া পায়ে দিলরুয়ান পেরেরার একটি অফ ব্রেক বল ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন। বাংলাদেশের ৩১২ রানের প্রথম ইনিংসটায় তল্লাশি চালিয়ে দেখা যাচ্ছে, ওটাই ছিল সেরা বল। তাহলে মুমিনুল তৃতীয় দিনের খেলা শুরুর আগে কেন নেটে ব্যাটিং করতে এলেন? নিজের মধ্যেই একটা তাড়না হয়তো ছিল। আবার এমনও হতে পারে, ব্যাটসম্যানদের ভুলগুলো তাৎক্ষণিক শুধরে দিতে চান ব্যাটিং পরামর্শক। যাতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানো যায়। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন বটে যে এই উইকেটে ৬০০ রানের আশাও তাঁর আছে। তা না হলে শ্রীলঙ্কার ৪৯৪ রানের যতটা কাছাকাছি যাওয়া যায় ততই মঙ্গল। তবে বিপর্যয়ের আশঙ্কাও যে তিনি করেননি, এমনটা জোর দিয়ে বলা যায় না।
ছয় শ রান দূরে থাক, বাংলাদেশ ফলো অনের শঙ্কা মাথায় নিয়েই যায় লাঞ্চ করতে। স্কোরবোর্ডে ৬ উইকেটে ২১৩ রান। ফলো অন এড়াতেই আরও ৮২ রান দরকার। লাঞ্চের পর অধিনায়ক মুশফিক ও মিরাজ ফলো অনটা বাঁচালেন। সপ্তম উইকেটে তাঁদের মধ্যে জুটিটা হয়েছিল ১০৬ রানের। ফলো অন এড়ানোর পরের ওভারেই একটা ধস। টানা দুই বলে মিরাজ ও তাসকিনকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকেরই অপেক্ষায় ছিলেন দিলরুয়ান পেরেরা। রান তিন শ পেরোল বটে। কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে মুশফিকের বিদায়েই শেষ হয়ে গেল আরও গোটা কতক রান জমা পড়ার আশা। তবে দারুণ খেলেছেন মুশফিক। যতক্ষণ টিকে ছিলেন, বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলা হয়। কেন দলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা তিনি! ধৈর্যে, প্রতিরোধ ও প্রতি আক্রমণে গড়ে তুলেছেন ৮৫ রানের অসাধারণ এক ইনিংস। তবে অমন একটি ইনিংসেরও শেষ হয়েছে বাজেভাবে। দশ নম্বর ব্যাটসম্যান শুভাশিসকে আড়াল করে খেলছিলেন, এক সময় স্ট্রাইকে গিয়ে নিজে রান বাড়াতে চাইলেন মরিয়াভাবে। উইকেট ছেড়ে এসে হাঁকাতে গেলেন রঙ্গনা হেরাথকে। ব্যাট ও প্যাডের মাঝে থেকে গেল বিশাল ব্যবধান। বোল্ড!
মুশফিকের পরিস্থিতি না হয় অন্য রকম ছিল, কিন্তু ৭ বিশেষজ্ঞ ব্যাটসম্যানে সাজানো দলের বাকি পাঁচজনের আউট হওয়ার ধরনটাও বেশ উদ্বেগজনক। এঁদের কারও উইকেটই পরিশ্রম বা মেধার জোরে পেতে হয়নি শ্রীলঙ্কান বোলারদের। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সবাই। পরিষ্কার ‘হারিকিরি’ করেছেন।
সৌম্য সরকার সকালের তৃতীয় ওভারেই লেগ স্টাম্পের দিকে করা সুরাঙ্গা লাকমলের একটি শর্টপিচ বল খেলব কি খেলব না করে পুল করলেন, ব্যাটের ওপরের কানা নিল বল। ধরা পড়লেন ফাইন লেগে। সাকিব ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে লক্ষণ সান্দাকানের বেরিয়ে যাওয়া উল্টো বলে (রং’আন) গ্ল্যান্স করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ। মাহমুদউল্লাহ জায়গায় দাঁড়িয়ে খেলতে গেলেন, অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে আসতে থাকা লাহিরু কুমারার পেস বলে বোল্ড। রঙ্গনা হেরাথের বলে বাজে শট খেলে ক্যাচ দিয়ে এসেছেন।
তো দলের বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা যদি এভাবে আউট হন, তাহলে সেই দল আর কত দূর যেতে পারে! এরই অনিবার্য পরিণতি ৩১২ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কাকে ১৮২ রানে এগিয়ে দেওয়া। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় ইনিংসে অসাধারণ কিছু করতে হবে। ভুলগুলো শোধরাতে হবে। সেই ভুল শুধরানোর পথ্য হিসেবে কাল যদি সব ব্যাটসম্যানকে সাত সকালে গল স্টেডিয়ামের নেটে নিয়ে আসেন কোচ, অবাক হওয়ার কিছু থাকবে না।
এখানে এসে দেখা যাচ্ছে, বাংলাদেশ দলের কোচিং স্টাফ অসম্ভব খাটছে। হাথুরুসিংহে দলকে ফিল্ডিং প্র্যাকটিস করাচ্ছেন, নিজেই নেটে অজস্র বল করছেন। কাল দিনের দ্বিতীয় সেশনে যখন ব্যাট করতে নামলেন তামিম ও সৌম্য, দেখা গেল দুই পেসার রুবেল ও কামরুলকে নিয়ে নেটে বোলিং প্র্যাকটিস করাচ্ছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। নিজে নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিচ্ছেন, এখানে বল পিচ করতে হবে। সেটি না হলে নিজেই বল করে দেখিয়ে দিচ্ছেন।
সবকিছুই করা হচ্ছে, খেলোয়াড়েরা যাতে ভুলগুলো শুধরে নিতে পারেন। যাতে পরিকল্পনাগুলো কাজে লাগানো যায়। কিন্তু কিছুতেই যে কিছু হচ্ছে না! গল টেস্টে মস্ত বড় সুযোগ দেখেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ম্যানেজার খালেদ মাহমুদ নিজের দলকেই দেখেছেন ফেবারিট। তবে তৃতীয় দিনের শেষে ম্যাচের যে পরিস্থিতি, তাতে আবারও সংগ্রাম শুরু হয়ে গেছে বাংলাদেশের। সংগ্রাম ম্যাচ বাঁচানোর। প্রকৃতি এখন হতে পারে বড় সহায়। তা প্রকৃতির মধ্যে বন্ধু হয়ে এগিয়ে আসার একটা লক্ষণ দেখা যাচ্ছে। স্টেডিয়ামের পেছন দিক থেকে উড়ে আসা মেঘ হঠাৎ কালো করে ঢেকে দিল আকাশ। আলোক-স্বল্পতায় ৬ মিনিট আগেই হলো চা-বিরতি। শেষ পর্যন্ত দিনের শেষ সেশনটি আর হতেই দিল না বৃষ্টি। এতে অবশ্য মুশফিকদের মন খারাপ হয়নি। হেরাথদের মুখেই দেখা গেল একটু আঁধার। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে যে নামা হলো না তাঁদের।