ব্যাটিং কি ভুলে গেল বাংলাদেশ?

ব্যাটিং করা যেন ভুলেই গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৭ রান করে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিলেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। আজ বেশিক্ষণ টিকতে পারেননি দুই ওপেনার। সৌম্যর পর আউট হয়েছেন মুমিনুল হক ও ইমরুল কায়েস। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ৯২/৪ । হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে এখনো ৩৩৪ রানে পিছিয়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উইকেট বিলিয়ে দিয়েছেন তিন টপ অর্ডার। কাগিসো রাবাদার করা অফস্টাম্পের বাইরের বল অযথাই খোঁচা মারতে গিয়ে আউট হন সৌম্য (৩)। তবে মুমিনুলের আউটটা হতাশ করেছে সবাইকে। নবম ওভারের তৃতীয় বলে রাবাদার বাউন্সার আঘাত হাতে মুমিনুলের হেলমেটে। এক বল পরই প্রোটিয়া পেসারের বাউন্সার পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন মুমিনুল (১১)। ইমরুল ৩২ রান করলেও আউট হয়েছেন বাজেভাবে। লেগ স্টাম্প বরাবর ডুয়ানে অলিভিয়েরের শর্ট বলটা ছেড়ে দিলেও পারতেন। কিন্তু তা না করে বলটা খেলতে গিয়ে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দী হন ইমরুল।
উইকেটে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৪*)। মুশফিক (২৬) আউট হওয়ার পর লাঞ্চ বিরতি দেওয়ায় অন্য প্রান্তে কেউ ব্যটিংয়ে নামেনি। । বাংলাদেশের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রাবাদা দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত ২ উইকেট নিয়েছেন। ২২ টেস্টে এ পর্যন্ত তাঁর শিকার ৯৯ উইকেট। আর মাত্র এক উইকেট নিলেই হিউ টেফিল্ড ও অ্যালান ডোনাল্ডের (২২ টেস্টে ১০০ উইকেট) কীর্তিকে ছুঁয়ে ফেলবেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম ম্যাচ (১৯ ম্যাচ) খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ভারনন ফিল্যান্ডারের।