ব্যাটিং-কিপিং-অধিনায়কত্ব প্রসঙ্গে মুশফিক যা বললেন

ব্যাটিংয়ে দুর্দান্ত হলেও বাজে কিপিং আর মুশফিকের অধিনায়কত্ব নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরেই। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। কিপিং-অধিনায়কত্ব ছাড়লে তাঁর ব্যাটিংটা আরও ভালো হবে কি না, এমন আলোচনাও হচ্ছে। মুশফিক অবশ্য আজ সংবাদ সম্মেলনে বুঝিয়ে দিলেন, তিন ভূমিকার কোনোটাই ছাড়ার ইচ্ছা নেই।
নিজেকে দলের সেরা ব্যাটসম্যান ভাবেন না মন্তব্য করে মুশফিক বলেছেন, ‘আমার টেস্ট ব্যাটিং গড় তো ৩৩ বা ৩৪-এর বেশি নয়। আমি কীভাবে দলের সেরা ব্যাটসম্যান হতে পারি? আমি যদি দুটি বা তিনটি দায়িত্বে থাকি, তার মানে বোর্ড বা ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখছে। আমার দায়িত্ব তিনটি দায়িত্বই ভালোভাবে পালন করা। আমি যদি ভালো করতে না পারি, তাহলে তারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’
তিনি নিজে থেকে কোনো একটা দায়িত্ব ছাড়বেন না বলেই জানালেন, ‘আমি তিনটি দায়িত্বই উপভোগ করছি। কারণ, আমি মাঠে থাকতে ভালোবাসি। আমার মাঠে সময় কাটানোর উপায় হলো সেখানে দায়িত্ব পালন করা, ড্রেসিং রুমে বসে নয়। আমি আমার সব দায়িত্ব ভালোবাসি। তারপরও কিছু হলে সিদ্ধান্ত নেওয়ার লোক আছে বাইরে। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলব, আমি তিনটিই দারুণ পছন্দ করি। আর নেতৃত্ব আমার হাতে নেই। বোর্ড চাইলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।’
তাঁর ওপর চাপ কমাতেই যেকোনো একটা দায়িত্ব থেকে সরে গেলে ভালো হয় কি না, এই ধারণাও মুশফিকের সমর্থন পেল না। তিনি বরং মনে করেন, টেস্ট ক্রিকেট খেলতে এলে চাপ নিয়ে ভাবলে চলবে না, ‘এখানে তো আসলে অলিগলির খেলা হয় না। এটা টেস্ট ক্রিকেট। এখানে সব সময় চাপ থাকবে। আপনি ১০ বল খেলেন, এক বল খেলেন আর ২৫০ বলই খেলেন। চাপ সব সময়ই থাকে। সব সময়ই বলছি, দেশের হয়ে আমি এমন তিনটা দায়িত্ব পালন করতে পারা আমার জন্য গর্বের। আমি আমার কাজটা করে যেতে চাই। এখন যদি বোর্ড বা ম্যানেজমেন্ট মনে করে, এটা নিলে বা এটা না করলে আমার জন্য ভালো হবে, সেই সিদ্ধান্ত তাদের। কিন্তু আমাকে যখন বলবে, আমি বলব, সব সময় এটা করতে পছন্দ করি।’
আরও পড়ুন: