ব্যাটিং ধসের পর দারুণ বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ বোলিং করা শাহাদাত আর জুবায়েরকে শাহরিয়ার নাফীস হয়তো বলছিলেন, কাজ বাকি আছে আরও! শাহরিয়ার নিজে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি l প্রথম আলো
দারুণ বোলিং করা শাহাদাত আর জুবায়েরকে শাহরিয়ার নাফীস হয়তো বলছিলেন, কাজ বাকি আছে আরও! শাহরিয়ার নিজে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি l প্রথম আলো

২০১০ সালের মে মাসে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে খেলেছিলেন ১৩৩ রানের দারুণ এক ইনিংস। প্রায় সাড়ে চার বছর কাল আবার বিদেশি কোনো দলের বিপক্ষে সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন শাহরিয়ার নাফীস। কিন্তু সেটি মিলিয়ে গেল স্রেফ একটি শটের দূরত্বে। ভুসি সিবান্দার বলটি খেলতে চেয়েছিলেন কাভারের ওপর দিয়ে, টার্ন করে ব্যাটের কানা ছুঁয়ে বল কিপারের গ্লাভসে। কটবিহাইন্ড ৯৭!
শাহরিয়ারের আক্ষেপের দিনে ব্যাটিং হতাশায় পুড়েছে দলও। বাংলাদেশের ব্যাটিংয়ের বহু পুরোনো সমস্যা ইনিংস হুড়মুড় করে ভেঙে পড়া। মাঝে কদিন বিরতি দিয়ে সম্প্রতি আবার ফিরেছে সেই রোগ। জাতীয় দলের সেই রোগে আক্রান্ত কাল ছায়া জাতীয় দলও। বিনা উইকেটে ১৫৫ থেকে বাংলাদেশ ‘এ’ অলআউট ২৫৮ রানে! শেষ ৯ উইকেটে পড়েছে ৬৩ রানে, ৬ রানে শেষ চারটি! বোলারদের সৌজন্যে তার পরও অবশ্য লিড নেওয়ার পথে স্বাগতিকেরা। নিজের প্রথম দুই ওভারেই দুই উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন। জিম্বাবুয়ে ‘এ’ অধিনায়ক সিবান্দাকে ফিরিয়েছেন আরেক পেসার কামরুল ইসলাম। শেষ বিকেলে ৩ উইকেট নিয়েছেন তরুণ লেগ স্পিনার জুবায়ের। জিম্বাবুয়ে ‘এ’ দিন শেষ করেছে ৬ উইকেটে ৯১ রানে।
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে চমকে দিয়েছেন সিবান্দা। এমনিতে তাঁর বোলিং বলতে ছিল টুকটাক স্লো মিডিয়াম। উইকেট বুঝে কাল করলেন অফ স্পিন, ১১২ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়ে গেলেন ৫ উইকেট! বিনা উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশের দুই ওপেনার কালও এগিয়ে নিয়েছেন দলকে। শাহরিয়ারকে ফিরিয়ে ১৫৫ রানের জুটি ভাঙেন সিবান্দা। দ্বিতীয় উইকেটে সাদমান ও মার্শাল যোগ করেছিলেন আরও ৪০। ১৭৬ বলে ৬০ রান করে সাদমানের রান আউটেই খুলে যায় উইকেটের দুয়ার। যে দুয়ার খোলা ছিল দিনের বাকিটা জুড়েই!

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৯৬ ওভারে ২৫৮ (সাদমান ৬০, শাহরিয়ার ৯৭, মার্শাল ২৭, রকিবুল ০, নাঈম ০, মিঠুন ১৪, নুরুল ১৭, কামরুল ১৫, সাকলাইন ০, জুবায়ের ০, শাহাদাত ২*; মুজারাবানি ০/৩৯, জঙ্গে ০/৬২, মানাতসা ০/১১, মাসাকাদজা ৩/৫৫, মুতমবোদজি ১/২১, সিবান্দা ৫/৫৫); জিম্বাবুয়ে ‘এ’ ১ম ইনিংস: ২৪ ওভারে ৯১/৬ (মায়োয়ো ০, সিবান্দা ৬, চাকাভা ২, ভারমিউলেন ৩১, চারি ৩৯*, গাম্বি ৪, মুতমবোদজি ৪, মাসাকাদজা ৪*; শাহাদাত ২/১৫, কামরুল ১/১৭, সাকলাইন ০/১৬, জুবায়ের ৩/৪০, নাঈম ০/৩)।