ব্যাটিং নিয়ে অন্য ভাবনায় বাংলাদেশ

>৩২০–৩৩০ রান না করলে বিশ্বকাপ ম্যাচ জেতা যাবে না, এটাই যেন স্লোগান ইংল্যান্ড বিশ্বকাপের। তবে বাংলাদেশ ভাবছে একটু অন্যভাবে।
পত্রিকায় বানরের হাতে আইসক্রিমের ছবি ছাপা হওয়ার মতো গরম কখনোই পড়ে না ইংল্যান্ডে। এ দেশের কাক-পক্ষীদেরও রাস্তার পাশের পানির কলের শীতল ধারায় ঠোঁট ভাসাতে হয় না। ইংলিশ ‘সামার’ বড়জোর একটু হালকা-পাতলা কাপড় পরার উপলক্ষ। ‘সান বাথ’ উপভোগ করার সময়।
ইংলিশদের মতোই ইংল্যান্ডের এবারের ‘সামার’টা বাংলাদেশ দলের ক্রিকেটাররাও বেশ উপভোগ করছেন। ডাবলিনে কনকনে ঠান্ডার মধ্যে খেলার অভিজ্ঞতার পর লন্ডনের সোনাঝরা রোদ তাঁদের দিচ্ছে চনমনে আনন্দ। সবচেয়ে বেশি আনন্দ বোধ হয় ব্যাটসম্যানদের। ইংল্যান্ডে খেলতে নেমেও পেসারদের গতি আর মুভমেন্টের সামনে ভুগতে হবে না। আহা! ব্যাটিং করার জন্য এমন আবহাওয়াই তো চাই!
ওভালের উইকেটে গত দুই দিনের অনুশীলনও সেই বার্তা দিল। মাঝ উইকেটের পাশেই লাগালাগি তিনটি অনুশীলন উইকেট। নানা রকম শটের পসরায় বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং অনুশীলন করে গেলেন মনের আনন্দে। কাল সাকিব আল হাসানকে দেখা গেল নেটের বাইরেও ছুড়ে মারা বলে ব্যাট লাগিয়ে বাড়তি কিছু করে নিচ্ছেন।
কোচ স্টিভ রোডস ইংল্যান্ডের মানুষ। ইংলিশ কন্ডিশন বুঝতে এবার সেটাও ভালো কাজে লাগছে বাংলাদেশ দলের। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছিলেন, ‘স্টিভ সাত-আট মাস ধরেই আমাদের সঙ্গে আছেন। তিনি অনেক ভালো কোচ। আমরা তাঁর কাছ থেকে উইকেট সম্পর্কে অনেক কিছু জেনেছি। ওভালে হওয়া গত ম্যাচটাও আমরা দেখেছি। আমাদের কাছে সব তথ্যই আছে।’
তিন শর ওপর রান না করলে চলবে না-ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে এটি স্লোগানে রূপ নিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই বিশেষজ্ঞ এবং ক্রিকেট সম্পর্কে খুব বেশি বিজ্ঞ নন, সবার মুখে এই কথা। বিশ্বকাপের ২২ গজে রানের ঝরনাধারা বইবে। বোলারদের খুঁজতে হবে সাফল্যের চোরা-পথ। কিন্তু টুর্নামেন্টে কাল পর্যন্ত হওয়া চার ম্যাচের কোনোটিই সে কথা বলছে না।
এর ব্যাখ্যা অবশ্য অন্যভাবেও হতে পারে। ইংল্যান্ডের জন্য এখানে মানিয়ে নেওয়ার কিছু নেই। প্রথম ম্যাচেই তাই নিজেদের ইনিংসটাকে তিন শর ওপারে নিয়ে যেতে পেরেছে তারা। কিন্তু অন্য দলগুলো হয়তো এখানকার জল-হাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় নিচ্ছে। উইকেট বুঝতে দেরি হচ্ছে। তাদের ব্যাট সে জন্যই এখনো মেটাতে পারছে না রানের তৃষ্ণা। টুর্নামেন্ট যত এগোবে, ততই সত্যি হতে থাকবে পূর্বানুমান। রানের বন্যায় ভাসতে থাকবে ইংল্যান্ড বিশ্বকাপ।
কাল সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার কথা শুনে মনে হলো, তাঁর নিজেরও ধারণা তেমনই। তবে একটা অবস্থান থেকে দল কিছুটা সরে এসেছে। ৩২০-৩৩০ রান করতেই হবে, এই শর্ত এখন কিছুটা শিথিল। ব্যাটিং নিয়ে চিন্তার কেন্দ্রবিন্দুতে প্রথম ১০ ওভার। এই ১০ ওভারে যত কম সম্ভব উইকেট হারানো যায়। সেটি করতে পারলে মাঝের ওভারগুলোতে রান তোলার চেষ্টা করাটা সহজ ও নির্ভার হবে। তাতে ২৭০-২৮০ রানও যদি হয়, লড়াই করার মতো একটা অবস্থান তৈরি হবে পায়ের নিচে। কিন্তু শুরু থেকে ধুন্ধুমার ব্যাটিং করতে গিয়ে ১০-১২ ওভারের মধ্যে ৩-৪টি উইকেট পড়ে গেলে সে বিপর্যয় কাটিয়ে ওঠা কঠিন। এই তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশ দলের বহুবারই হয়েছে।
তবে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দলে ব্যাটিংটাই সবচেয়ে বড় ভরসা। ওপেনিংয়ে তামিম ইকবাল আছেন। এরপর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর অভিজ্ঞ ক্রম সব উইকেটেই ভালো রান দাবি করে দলটার কাছে। পরের দিকে তরুণ ব্যাটসম্যানরাও সংগত দিলে যে সেটি করাও সম্ভব, সে সামর্থ্যও অনেকবারই প্রমাণিত। তবে এটিরও একটি শর্ত আছে। ড্রেসিংরুম থেকে নিয়ে যাওয়া পরিকল্পনাটা মাঠে ঠিকঠাক কাজে লাগাতে হবে।
প্রথম ম্যাচে তামিমের খেলা নিয়ে শঙ্কা কেটে গেছে। ফর্ম নিয়েও সংগ্রাম করতে হচ্ছে না ব্যাটসম্যানদের কাউকে। আর উইকেট তো বলছেই, ‘যত পার, রান কর।’ এখন শুধু পরিকল্পনা কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের ‘ইংলিশ সামার’টা উপভোগ করার পালা।