ব্যাটিং বদলাবেন না সাকিব

আবারও একই ভুল। আবার একই প্রশ্ন এবং আবারও একই উত্তর। যার সারমর্ম, বাজে শট খেলে আউট হলেও সাকিব আল হাসান তাঁর ব্যাটিংয়ের ধরন বদলাবেন না। ‘ইতিবাচক মনোভাব নিয়েই আমি ব্যাটিং করেছি। শেষ পাঁচ-ছয় বছর ধরে যেভাবে খেলছি, সেটা আমি বদলাতে চাই না’—হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে বলেছেন ৮২ রানে আউট হওয়া সাকিব।
তিনি বেশ ভালোই বুঝতে পারছেন, রবিচন্দ্রন অশ্বিনের বলে তখন ওভাবে আউট না হলে কাল তাঁর আরেকটি সেঞ্চুরি হয়ে যেতে পারত। দলের জন্যও সেটাই ভালো হতো। তবু অন্তত বাহ্যত মনে হলো না যে আউট নিয়ে তাঁর কোনো আফসোস আছে। একবার বললেন, ‘আসলে আমি অত কিছু চিন্তা করে ব্যাটিং করি না।’ পরে আবার বলেছেন, ‘আমি ওভাবে ভাবি না। আমি দলের জন্য অবদান রাখতে চাই। আমি ২১৭ রান করেও খুশি ছিলাম না। দলের জন্য আরও রান করতে চেয়েছিলাম। তবে আমি জানি তেমনটি হচ্ছে না। এ কারণে আমি আমার খেলার ধরন বদলাব না। যদি পরিবর্তন করি তাহলে আমার মনে হয় না আমি সাকিব থাকব।’
সাকিবের দৃষ্টিতে তিনি যেভাবে খেলেছেন, সেটা হলো ইতিবাচক ব্যাটিং। তবে মজার ব্যাপার, তিনিই আবার মুশফিকুর রহিমের খুব প্রশংসা করলেন পুরো ইনিংসে একটিও বাজে শট না খেলায়। চোট থেকে ফেরা টেস্ট অধিনায়ক রাজীব গান্ধী স্টেডিয়ামেও হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। সাকিব মুগ্ধ আরেক অপরাজিত ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজেও, ‘মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করছেন। পুরো ইনিংসে কোনো বাজে শট খেলেননি। যেটা মারার বল ছিল মেরেছেন। মিরাজের জন্য এটা বিশেষ দিন। সে প্রমাণ করেছে সে ব্যাট করতে পারে। তার ইনিংস আরও বড় হবে বলে আশা করছি। কাল (আজ) ওরা প্রথম সেশনটা খেলতে পারলে আমরা আরও ১০০-১২০ রানের মতো করতে পারব। সেটা ফলোঅন এড়ানোর খুব কাছে নিয়ে যাবে আমাদের। আপাতত এটাই আমাদের প্রথম লক্ষ্য।’
ম্যাচের কঠিন পরিস্থিতিতে মুশফিক হাল ধরেন না, এ রকম কমই হয়। কালও ১০৯ রানে ৪ উইকেট পড়ার পর সাকিব-মিরাজের সঙ্গে তিনিই দলকে নিয়ে গেছেন তিন শর ওপরে। সাকিবের ধারণা, মুশফিক এ রকম কঠিন পরিস্থিতিতে খেলাটাই বেশি উপভোগ করেন, ‘আমার মনে হয় কঠিন সময়ই তাঁর পছন্দ। তিনি এগিয়ে এসে দলের জন্য কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন। তাঁর এই চরিত্র বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলতে সাহায্য করবে।’ কিন্তু মুশফিকের কিপিং যে যথারীতি হায়দরাবাদ টেস্টেও প্রশ্নবিদ্ধ! সাকিব তবু থাকছেন অধিনায়কের পাশে, ‘আমার মনে হয় এই মুহূর্তে উনি দুটোই (ব্যাটিং ও উইকেটকিপিং) পছন্দ করছেন। আমি আগেও বলেছি, উনি এমন কেউ নন যাঁকে ওপরে ব্যাট করতে বলা হলে সরে দাঁড়াবেন। ওপরে ব্যাটিং করতে হলেও করবেন। আমার মনে হয় না উনি যদি গ্লাভস রেখে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেন, সেটা দল এবং তাঁর জন্য সঠিক হবে। ব্যাটিং এবং অধিনায়কত্ব একসঙ্গে করা কঠিন, কিন্তু তিনি এটা করতেও পছন্দ করেন।’
ভারতীয় পেসার উমেশ যাদবের সামনে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা গেছে সাকিবকে। দিন শেষে সেটি বলেছেনও, ‘সে দারুণ বোলিং করেছে। আমার মনে হয় আমি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল ফেস করলাম। দুই দিকেই সে যেভাবে বল মুভ করাচ্ছিল, সত্যিই অসাধারণ ছিল। তাকে কৃতিত্ব দিতেই হবে।’ তৃতীয় দিন শেষে টেস্টে এগিয়ে আছে ভারতই। সাকিবের ভাষায়, ‘আমরা ম্যাচ থেকে এখনো অনেক দূরে।’