ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পর অবশেষে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। সাকিবকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ। এই দুইয়ে সওয়ার হয়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৮। জয়ের জন্য ১০৮ বলে সমান রান দরকার বাংলাদেশের।
৩৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখাচ্ছে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে সাকিব-মাহমুদউল্লাহর ১২৫ রানের জুটি। শ্রীলঙ্কা সফরের পর আবারও ফিফটির দেখা পেয়েছেন সাকিব। ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষেই ফিফটি পাওয়া মাহমুদউল্লাহও পেয়েছেন ফিফটি। সাকিব অপরাজিত ৬৩ ও মাহমুদউল্লাহ আছেন ৫৮ রানে।
ভয়াবহ শুরুটা ভুলিয়ে দিচ্ছেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। দুই ম্যাচ বিরতি দিয়ে সাব্বির রহমান আজ যখন তিন নম্বর পজিশনে নামলেন, বাংলাদেশের স্কোর তখন ০/১! কোনো রান যোগ না করে টিম সাউদির বলে এলবিডব্লু হয়ে তামিম ইকবাল ফিরে যাওয়ার ধাক্কা সামলানোর দায়িত্বটা পালন করতে পারেননি সাব্বির। সাউদির বলেই লুক রনকির ক্যাচ হয়ে ৮ রানে ফিরেছেন তিনি। খানিক পর একই বোলারের বলে সাব্বিরের পথ ধরেছেন সৌম্য সরকারও (৩)। ১২ রানে ৩ উইকেট হারিয়ে ঘোর বিপদে বাংলাদেশ! দেখতে দেখতে ফিরে গেছেন মুশফিকুর রহিমও (১৪)।
দ্রুত উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যটা পাহাড় হয়ে যায় বাংলাদেশের সামনে। পাহাড়টা অতিক্রম করতে লড়ছেন সাকিব-মাহমুদউল্লাহ।
আরও পড়ুন...