ব্যাটিং ভালো হলো, হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুর রহমানের নিখুঁত স্ট্রেট ড্রাইভ। ইনিংসের বেশির ভাগ জুড়ে এমন নির্ভুলই খেলছিলেন শামসুর, কিন্তু হাফ সেঞ্চুরি করার পর উইকেট হারিয়েছেন খামখেয়ালিতে l প্রথম আলো
শামসুর রহমানের নিখুঁত স্ট্রেট ড্রাইভ। ইনিংসের বেশির ভাগ জুড়ে এমন নির্ভুলই খেলছিলেন শামসুর, কিন্তু হাফ সেঞ্চুরি করার পর উইকেট হারিয়েছেন খামখেয়ালিতে l প্রথম আলো

পঞ্চাশ ছোঁয়ার আগে ছিলেন পুরোই টেস্ট মেজাজে। নিজের চরিত্রের সঙ্গে আপস করে উইকেটে ছিলেন স্থিতধী। ফিফটি ছুঁলেন ১৩৪ বল খেলে। কিন্তু ফিফটির পরপরই যেন মাথাচাড়া দিল আপন সত্তা। সাদা পোশাককে তাঁর হঠাৎই যেন মনে হলো রঙিন, ম্যাচটিকে ওয়ানডে বা টি-টোয়েন্টি। অস্থির, ছটফটে হয়ে উঠে তেড়েফুঁড়ে খেলতে শুরু করলেন। সম্ভাবনাময় ইনিংসটির তাই অপমৃত্যু, শামসুর রহমান ফিরলেন ৬৯ রানে।
মার্শাল আইয়ুব ব্যাট করছিলেন পৃথিবীর সব নির্ভরতা নিয়ে। এক মুহূর্তের জন্যও মনে হচ্ছিল না আউট হতে পারেন। আচমকাই তুলে মারার খায়েশ হলো লেগ স্পিনার নাতসাই মুশাঙ্গুয়েকে, ডাউন দ্য উইকেট এসে মিড অনে ক্যাচিং অনুশীলন করালেন রিচার্ড আরভিনকে।
উইকেটে বিলিয়ে আসার দায় দেওয়া যায় আসিফ-নাঈমকেও। তবে শামসুর-মার্শালের কথা আলাদা করে বলা দুজনই টেস্ট স্কোয়াডে আছেন বলে। শামসুরের তো তামিম ইকবালের সঙ্গে ওপেন করা নিশ্চিতই। ব্যাটিং উইকেটে নির্বিষ বোলিংয়ের সামনে কোথায় বড় রান করে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে টেস্টে নামবেন, উল্টো উইকেট ছুড়ে আসার পুরোনো রোগে সঙ্গী হচ্ছে শঙ্কা। স্কোয়াডে থাকলেও একাদশে সম্ভবত থাকছেন না মার্শাল। বড় একটা ইনিংস খেলে কোথায় ভাবতে বাধ্য করবেন নির্বাচকদের, উল্টো সহজ করে দিলেন টিম ম্যানেজমেন্টের কাজ।
মাঠে থাকা দুই নির্বাচক ফারুক আহমেদ ও হাবিবুল বাশারও বেশ বিরক্ত। প্রধান নির্বাচক ফারুক অসহায়ের মতো বললেন, ‘এত বলা হয় সবাইকে, বোঝানো হয় লম্বা ইনিংসের গুরুত্ব, কেউ তা মাথায়ই রাখতে চায় না।’ হাবিবুলও বললেন, ‘এসব ম্যাচে সুযোগ পেলে উচিত সেঞ্চুরি-দেড় শ করে আত্মবিশ্বাস যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া। আমাদের ব্যাটসম্যানরা আজ সেই সুযোগ পেয়েও হারাল।’
শুভাগত হোম অবশ্য একাদশে জায়গা পাওয়ার দাবিটা ভালোই জানিয়ে রাখলেন। নির্বাচকেরা ইদানীং যাঁকে দেখছেন অলরাউন্ডার হিসেবে, তিনি দারুণ ব্যাটিং করে দিন শেষ করেছেন ৫৩ রানে। জিম্বাবুয়ের অনুরোধে দিনের খেলার দৈর্ঘ্য কমিয়ে করা হয়েছে ৮০ ওভার। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে বিসিবি একাদশ ১১ রানে এগিয়ে। অনেকটা হুট করেই সুযোগ পাওয়া রনি তালুকদার দারুণ খেলতে খেলতেই উইকেট উপহার দিয়েছেন মুশাঙ্গুয়েকে (৪৬)। এই লেগ স্পিনারকেই সুইপ করতে গিয়ে আউট নাঈম ইসলাম (২)। অতি আক্রমণাত্মক হওয়ার খেসারত দিয়েছেন আসিফ আহমেদ (২২ বলে ২৩)।
৪ উইকেট নিয়েছেন মুশাঙ্গুয়ে। স্কোরকার্ডে লেখা নেই, এই লেগ স্পিনার সবগুলো উইকেটই পেয়েছেন ‘উপহার’!
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৪১
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৫২/৬ (শামসুর ৬৯, সাদমান ০, রনি ৪৬, মার্শাল ৩১, শুভাগত ৫৩*, নাঈম ২, আসিফ ২৩, তাইবুর ১৫*; শিঙ্গি ০/১৬, চিগুম্বুরা ১/২৫, ওয়েলিংটন ০/৫২, কামুনগোজি ১/৩৮, মুশাঙ্গুয়ে ৪/৯৮, টেলর ০/০, ওয়ালার ০/৭, সিকান্দার ০/৬)।