ব্যাটিং ভুলে গেছে বাংলাদেশের যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলারদের ভালো পারফরম্যান্স ভুলিয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। ফাইল ছবি
বোলারদের ভালো পারফরম্যান্স ভুলিয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। ফাইল ছবি

এমন শিরোনাম দেখে বিরক্ত হলেও কিছু করার নেই। কোনো দল যদি পরপর দুই ম্যাচে এক শর নিচে গুটিয়ে যায়, তাহলে তাদের সম্পর্কে এমন ধারণা খুবই স্বাভাবিক। গত সোমবারই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৫ রানে অলআউট হয়েছিলেন বাংলাদেশের যুবারা। আজ চতুর্থ ম্যাচেই ১৩৩ রান তাড়া করতে নেমে ৮৮ রানে অলআউট হয়েছেন তাঁরা। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে এমন পারফরম্যান্সের পর ‘ব্যাটিং ভুলে গেছে’—এমন কথাও বাড়াবাড়ি শোনায় না।

আজ সিলেটে আফগানিস্তানকে ১৩৩ রানে অলআউট করার পর মনে হচ্ছিল, আগের ম্যাচের দায়ই বোধ হয় শোধ করতে যাচ্ছেন আফিফ-সাইফরা। কোথায় কী! দুই রানে ফিরে গেলেন পিনাক ঘোষ। ৮ রানে অন্য ওপেনার সজীব হাসান। স্কোরবোর্ডে রানের ঘর ৮ থেকে ৯-এ যাওয়ার আগেই বাংলাদেশের আরও তিন ব্যাটসম্যান আউট! আট রানে পাঁচ উইকেট হারানোকে যদি ‘ধ্বংসস্তূপ’ বলা হয়, তবে ১১ রানে ৬ উইকেট হারানোর বিষয়টি বর্ণনা করতে নতুন উপমা খুঁজে নিতে হয়!
এরপরই অবশ্য কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। উইকেট রক্ষক মাহিদুল ইসলাম (৪৩) ও নাইম হাসানের ৭৫ রানের জুটিতে ম্যাচটা নিজেদের দিকে প্রায় ঘুরিয়েই নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৮৬ রানে নাঈম (৩০) ফিরতেই আবারও সেই পুরোনো বাংলাদেশ। মাত্র ২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৮৮ রানে অলআউট যুব দল। ১৭ রানে ৭ উইকেট নিয়েছেন আফগান অফ স্পিনার মুজিব জাদরান।
এর আগে নাঈম হাসান ও অধিনায়ক সাইফ শেষ করে দেন আফগানিস্তানকে। নাঈম ৩৮ রানে ৫ উইকেট আর সাইফের ৭ রানে ৩ উইকেট নেন। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা এ রানকেই যে এভারেস্ট বানিয়ে দিলেন। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। সিরিজের পরের ম্যাচ ৭ অক্টোবর।