ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষাকাল। বাংলাদেশের ক্রিকেটারদের তাই বৃষ্টির সঙ্গে দেখা হচ্ছে প্রায় প্রতিদিনই। তবে স্বস্তির খবর হলো, বাংলাদেশ দল গ্রেনাডায় পা রাখার পর থেকে বৃষ্টি যা হওয়ার রাতেই হচ্ছে। বৃষ্টি হয়েছে পরশু রাতেও, তবে তাতে গ্রেনাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খুব একটা বিঘ্নিত হলো না। সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। সেটি ১০ মিনিট দেরিতে শুরু হলো, এই যা!
গ্রেনাডা দলে মাত্র তিনজন আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশ তাই টস জিতে প্রথমে ব্যাটিং করে একটা বার্তা ছড়িয়ে দিতে দুবার ভাববে না, এটাই স্বাভাবিক। ৫০ ওভারে ৩২২ রান তুলে সেই বার্তাটা ভালোভাবেই দিয়েছেন মুশফিকরা। তামিম ইকবাল ও এনামুল হকের উদ্বোধনী জুটিতে এল ৫৭ রান, যে জুটি ভাঙল এনামুলের বিদায়ে। ২৪ রানে এনামুল ফেরার কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন তাঁকে পাশ কাটিয়ে মাঠে নামা ইমরুল কায়েস। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলে ওপেনারের ছড়াছড়ি দেখে ইমরুলকে তিন নম্বরে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন ভূমিকায় ইমরুল অবশ্য কাল ব্যর্থই হলেন। আউট হয়ে গেলেন মাত্র ১ রান করেই।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এই একটিই প্রস্তুতি ম্যাচ। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য উইকেটে একটু সময় কাটানো জরুরি ছিল সব ব্যাটসম্যানের জন্য। তামিম ইকবাল সেই দাবি সবচেয়ে ভালো পূরণ করলেন। ম্যাচের সর্বশেষ অবস্থা জানতে গ্রেনাডায় বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারকে ফোন করতেই অবশ্য শুনতে হলো, ‘এই যা, এই মাত্র তামিম আউট হয়ে গেল!’ আউট হওয়ার আগে অবশ্য ৯১ রান করেছেন বাঁহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে দেশে দুটি প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। সেটির ধারা টেনে নিয়ে গেলেন গ্রেনাডা পর্যন্ত। অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও ৮৬ বলে ৯১ রানের এই ইনিংস তামিমের আত্মবিশ্বাসে ভালোই জ্বালানি জোগাবে।
ওয়ানডে সিরিজ শুরুর আগে ভালো জ্বালানি পেলেন মাহমুদউল্লাহ, মুশফিক ও শামসুর রহমানরাও। ৪৪ রান করেছেন অধিনায়ক মুশফিক, শামসুর ৩২। শেষ ১০ ওভারে ঝড় তোলা মাহমুদউল্লাহর রান ৭৮। ২৩তম ওভারে ১০০ ছোঁয়া বাংলাদেশ ২০০ করেছে ৪০ ওভারে। শেষ ১০ ওভারে এসেছে ১১৪, যার ৩৫-ই আবার ৪৯ ও ৫০তম ওভার থেকে নেওয়া।
এই প্রতিবেদন লেখার সময় ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে গ্রেনাডা। সোহাগ গাজী ও আল আমিন পেয়েছেন উইকেট দুটি।