ব্যাটিংটা ভীষণ ভাবাচ্ছে মুশফিককে

প্রথম টেস্টে জয়, তবুও অস্বস্তির খচখচানি কি ছিল না? মুশফিকুর রহিম যতই তখন আড়াল করার চেষ্টা করুন, খুলনা টেস্টের আগে মনের ভেতরের কথাটা ঠিকই বলে ফেললেন। ১০১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়েই হারের ধুকপুকানি তুলে দেওয়াটার পুনরাবৃত্তি কোনো অধিনায়কই বা চাইবেন! মুশফিক তাই বলছেন, প্রথম টেস্টের ভুল থেকে নিশ্চয়ই শিখবে ব্যাটসম্যানরা।
আগামীকাল খুলনায় সিরিজের দ্বিতীয় টেস্টর শুরুর আগে অধিনায়ক আজ বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচটা জিতেছিলাম, যদিও সবকিছুই আমাদের মন মতো হয়নি। আশা করি দ্বিতীয় টেস্টে সবকিছু আমাদের পক্ষে যাবে।’
ব্যাটসম্যানদের ধৈর্যের ঘাটতিটার কথাও স্বীকার করে নিচ্ছেন অধিনায়ক। এই টেস্টে তাই মরণপণ প্রতিজ্ঞা করে হলেও ম্যাচটা জিততে চান। তিন দিনেই ম্যাচ জেতার কৃতিত্বের চেয়ে বড় হলো ম্যাচ জেতাটাই। সেটাই বলছেন মুশফিক, ‘এই ম্যাচটা জিততে যদি আমাদের পাঁচ দিন সময় লাগে, তবুও আমরা তা-ই করব। আমরা যেকোনো মূল্যে জিততে চাই। সবাই পারফর্ম করতে মুখিয়ে আছে। প্রথম টেস্টে যে ভুলগুলো আমরা করেছি, সেগুলোও শুধরে নিতে চাই।’
ভুল আর কী। অহেতুক উইকেট বিলিয়ে দেওয়া। সেটাই শোধরাতে হবে, মানছেন মুশফিকও, ‘যেকোনো টেস্ট ম্যাচে একটা-দুটো বাজে আউট হতেই পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে পাঁচটা-ছয়টা হয়ে যাচ্ছে। মনোযোগের ক্ষেত্রে আমরা উন্নতি করার চেষ্টা করছি। ৫০ রান করেই কেউ যেন আউট না হয়ে যায়, সে যেন দলের জন্য আরও ৫০টা রান করে আসে। এতে ব্যাটসম্যানটা সেঞ্চুরি পাবে, দলও উপকৃত হবে। আসলে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সবাই আক্রমণাত্মক খেলে। আশা করি তারা তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।’
আর তা করতে পারলে এই টেস্টেও জয় আসবে বলে আশাবাদী মুশফিক। খুলনা টেস্টের প্রত্যাশিত সেই জয় বাংলাদেশকে সিরিজের শিরোপাও নিশ্চিত করে দেবে। টেস্টে সর্বশেষ সিরিজ জয় সেই ২০০৯ সালে, সেটিও খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে বাংলাদেশ ২০০৫ সালে সিরিজ জিতেছিল, জিম্বাবুয়ের বিপক্ষেই।
তবে কাজটা জলবৎ যে হবে না, সেটাও মনে করিয়ে দিচ্ছেন মুশফিক, ‘জিম্বাবুয়ে মোটেও সহজ কোনো প্রতিপক্ষ নয়। গত টেস্টেই ওরা মাত্র ১০০ রানের মতো পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে। তা ছাড়া ওরা এখন আমাদের বোলারদের শক্তির জায়গাটা জানে, কোন বোলার কোন লাইনে বল করে সেটাও জানে। অবশ্য আমরাও ওদের ব্যাটসম্যানদের দুর্বলতা জেনে গেছি।’
প্রথম টেস্টে আসল পার্থক্যটা দুই দলের বোলাররা গড়ে দিয়েছেন বলে মনে করেন মুশফিক। এখন বাংলাদেশের ব্যাটসম্যানরাও তাঁদের কাজটুকু করলে ম্যাচটা জেতারই কথা। সেই অপেক্ষাতেই কাল সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে বাংলাদেশ।