ব্যাটিংয়ে গেইলদের আত্মসমর্পণ

টস জিতে ব্যাটিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পার্থে ভারতের বিপক্ষে ম্যাচে ‘ব্যাটিং-ঝড়ের’ সম্ভাবনায় নড়েচড়েও বসেছিলেন অনেকেই। ভারতীয় বোলারদের বিপক্ষে জ্বলে উঠবেন ক্রিস গেইল—চার-ছয়ের বন্যা বইয়ে দেবেন পার্থের ওয়াকা মাঠে, মারলন স্যামুয়েলসসহ অন্য ক্যারবীয় ব্যাটসম্যানরাও গেইলের সঙ্গী হয়ে স্কোরবোর্ডে তুলবেন স্বস্তিকর সংগ্রহ। জবাব দিতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরাও জ্বলে উঠবেন। লড়াই হবে জোর। নিরপেক্ষ দর্শকদের এমন জল্পনা-কল্পনায় পানি ঢেলে দিয়ে পার্থের মাঠে ভারতীয় বোলারদের সামনে অসহায়ের মতোই আত্মসমর্পণ করলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। নামী ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে জেসন হোল্ডারের একটুখানি লড়াইকে পুঁজি করে ক্যারিবীয়দের সংগ্রহ সব কটা উইকেট হারিয়ে ১৮২। নির্ধারিত ৫০ ওভারের পুরোটাও ব্যবহার করা হয়নি ওয়েস্ট ইন্ডিজের!
২০০৬ সালের পর ১৯ ইনিংসে ভারতের বিপক্ষে কোনো সেঞ্চুরি পাননি ক্রিস গেইল। অন্যান্য ক্রিকেট-শক্তিকে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছেন, কিন্তু ভারতের বিপক্ষে করা হয়নি—এই ব্যর্থতার ঘানি আজও টেনেছেন তিনি। মাত্র ২১ রান করেই দায়িত্বজ্ঞানহীন শটে ফিরেছেন সাজঘরে। শেষের দিকে নামা জেসন হোল্ডারের ৫৭ রানের ইনিংসটি না হলে বড় ধরনের লজ্জাতেই পড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে। গেইল, হোল্ডারের পাশাপাশি ক্যারিবীয় শিবিরে উল্লেখযোগ্য সংগ্রহ যে কেবল জোনাথন কার্টারের ২১ আর ড্যারেন সামির ২৬।
বলা হয়নি, আরও একটা ব্যাপার ক্যারিবীয়দের আরও বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। সেটা হলো ভারতীয় ফিল্ডারদের বাজে ফিল্ডিং। গোটা চারেক ক্যাচ ফেলেছেন তাঁরা। এর মধ্যে দু-একটি তো যথেষ্ট দৃষ্টিকটু। ক্যাচ মিসের মহড়ায় না নামলে ক্যারিবীয়দের ইনিংস যে শেষ হয়ে যায় আরও রুগ্ণ চেহারাতেই।
মোহাম্মদ শামি দারুণ বল করেছেন। ইনিংসের শুরুতে মূলত তাঁর বোলিংয়েই খেই হারায় ক্যারিবীয় ব্যাটিং। মাত্র ৩৫ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। মোহিত শর্মাও কম যাননি। নয় ওভার বল করে একটি উইকেট নিলেও ৩৫ রান দিতে দারুণ ‘কিপটেমি’ করেছেন তিনি। উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা—সবাই যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছেন ক্যারিবীয় শিবিরে। যাদব ও জাদেজার সংগ্রহ ২টি করে উইকেট। অশ্বিন নিয়েছেন একটি উইকেট। সূত্র: স্টারস্পোর্টস।