জুবায়েরের তৃপ্তির অভিষেক

কাকে বেশি মনে রাখবেন জুবায়ের। ব্রেন্ডন টেলর না তাইজুল ইসলাম! টেস্ট অভিষেকেই যাঁর উইকেটটি তুলে নিলেন সেই টেলরকে তিনি কোনো দিনই ভুলবেন না তবে তাইজুলকে মনে রাখবেন অভিষেক উইকেটটি পেতে তাঁর সহযোগী হওয়ার জন্য। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ৭৪তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হওয়ার অনেকক্ষণ পরেই বল করার সুযোগটা পেয়েছিলেন এই তরুণ লেগ স্পিনার। কিন্তু সুযোগ পেয়ে সাফল্যের জন্য তাঁকে অপেক্ষায় থাকতে হয়নি বেশিক্ষণ। মাত্র ২ ওভার বল করেই তিনি ঝুলিতে পুড়ে নিয়েছেন জীবনের প্রথম টেস্ট উইকেটটি। মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার পরেও তাঁকে দলে নিয়ে নির্বাচকেরা যে ভুল করেননি জুবায়ের প্রমাণ করে দিয়েছেন সেই ব্যাপারটিও। ক্রিকেটে বাংলাদেশ বাঁ-হাতি স্পিনারদেরই দেশ। এনামুল হক মণি-মোহাম্মদ রফিক থেকে শুরু করে হালের তাইজুল ইসলাম। বাংলাদেশি স্পিনার বলতেই ক্রিকেট বিশ্ব বাঁ-হাতিদেরই বোঝে। ২০০০ সালে টেস্ট অঙ্গনে পা রাখার পর থেকে একজন স্পেশালিস্ট লেগ স্পিনারের অভাবটা সবসময়ই অনুভূত হয়ে এসেছে। আজ এত বছর পর জুবায়েরের মধ্যেই বাংলাদেশ খুঁজে নিয়েছে বোলিংয়ের ধ্রুপদী বৈচিত্র্য। বোলিংয়ের কারুকাজে হয়ত জুবায়ের এখনো নবিশ, কিন্তু আজ অভিষেকে তিনি বুঝিয়ে দিয়েছেন লেগ স্পিনে দলের ভরসা হয়ে ওঠার মতো অনেক কিছুই তাঁর মধ্যে বিদ্যমান।
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন একটা অনুষঙ্গ হয়ে উঠতে পারে ভেবেই অভিষেক হয়েছে জুবায়েরের। নির্বাচকদের আস্থার প্রতিদানটা তিনি রেখেছেন বেশ ভালোভাবেই। ব্রেন্ডন টেলরের সঙ্গে তিনি তুলে নিয়েছেন সিকান্দার রাজার উইকেটটিও। তৃতীয় উইকেটটিও পেয়ে যেতেন যদি না দুর্ভাগ্যক্রমে চাকাভার তুলে দেওয়া শটটি অভিজ্ঞ সাকিবের তালু না ফসকাতো।
মোট কথা অভিষেকের দিনেই জুবায়েরের প্রতিশ্রুতটা নেহাৎই কম নয়। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারটি যে তাঁরই ব্যাপার, সেটা এই তরুণ বুঝতে পারছেন কিনা, সেটার ওপরই কিন্তু নির্ভর করছে তাঁর পথচলা। প্রতিশ্রুতি নিয়ে তো অতীতে কতজনেরই আবির্ভাব হয়েছে, কিন্তু প্রতিশ্রুতির সঠিক প্রতিফলন ঘটিয়েছেন কতজন। জুবায়ের কী পারবেন, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে ভুলিয়ে দিয়ে নিজের ক্যারিয়ারটাকে বর্ণালি করে তুলতে?উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা থাকল।