ব্যাটিংয়ে থাকছেন না এনামুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্যই বলতে হবে এনামুল হকের। উইকেটে দাঁড়িয়ে ব্যাট হাতে স্কটল্যান্ডের রান তাড়া করার পরিবর্তে তিনি এখন হাসপাতালে। তাঁর কাঁধের চোটটা যে মারাত্মক, সেটা বোঝা গিয়েছিল আহত হওয়ার সময়ই। সেটা কতটা মারাত্মক, তা জানা গেল হাসপাতালে গিয়েই। কাঁধের হাড় সরে গেছে বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যানের। এমন চোটের পর তিনি যে আজ আর ব্যাটিংয়ে নামতে পারবেন না—এটা বলাই বাহুল্য।
মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাজে ফিল্ডিংয়ের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন এনামুল হক। সে ভুল শুধরে নেলসনে আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই ফিল্ডিংটা করছিলেন দারুণ। মাহমুদউল্লাহর করা ৩১তম ওভারের শেষ বলটাতেই দুর্ভাগ্য পিছু নেয় এনামুলের। লং লেগে ছুটে এসে ডাইভ দিয়ে ফিল্ডিং করতে গিয়েই ডান কাঁধে চোটটা পান তিনি।