তাইজুল-নাঈমে প্রথম দিন পার করল বাংলাদেশ

>আরও একটি সেঞ্চুরিতে নিজেকে টেস্টে আবারও প্রমাণ করলেন মুমিনুল হক।
২২২ রানে ৩ উইকেট। সেখান থেকে ২৩৫ রান তুলতেই নেই ৭ উইকেট। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র এটি। মুমিনুল হকের ১২০ রানের সুবাদে স্কোরবোর্ডটাকে মোটামুটি দেখানোর মুহূর্তেই নেমে এল বিপর্যয়। শ্যানন গ্যাব্রিয়েলের পেস বোলিংয়েই ছত্রখান বাংলাদেশের ব্যাটিং। প্রথমে মুমিনুল হক, ক্যাচ দিলেন উইকেটের পেছনে ডওরিচকে। এরপর মুশফিকুর রহিম।

এলবিডব্লু। মাহমুদউল্লাহ আর সাকিব আল হাসান বোল্ড। ১৩ রানে নেই ৪ উইকেট। প্রতিটি আউটই দৃষ্টিকটু। বিশেষ করে ৩ উইকেটে ২২২ রান তুলে ফেলা একটি দলের কথা বিবেচনায় নিলে।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩০১। উইকেটে আছেন অভিষিক্ত ১৭ বছর বয়সী নাঈম হাসান (২১) ও তাইজুল ইসলাম (২৩)। সর্বশেষ আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মুমিনুল ১২০ রান করলেও তাঁর আউটটা দেখে মনে হয়নি তিনি অনেকক্ষণ ধরে ব্যাটিং করছেন। গ্যাব্রিয়েলের অফ স্টাম্পের বাইরের বলটি তিনি যখন খেললেন, তখন তাঁর ব্যাট আর প্যাডের মধ্যে অনেক ব্যবধান। বলটিকে খোঁচা দিয়ে তিনি সোজা তুলে দেন উইকেটরক্ষক ডওরিচের হাতে।

মুশফিক বুঝতেই পারেননি গ্যাব্রিয়েলের বলটি অফস্টাম্পের বাইরে থেকে এত ভেতরে ঢুকে যাবে। প্রথমে মনে হয়েছিল বলটি মুশফিকের ব্যাটে লেগেছে, কিন্তু রিভিউয়ের সময় দেখা গেল বল মুশফিকের প্যাডে লেগার পরই তা ব্যাটে লেগেছিল। আম্পায়ার আলিম দার প্রথমে গ্যাব্রিয়েলের এলবির আবেদনে সারা দেননি। কিন্তু রিভিউ দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন পরে।